আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে মাঠের বাইরের সম্পর্ক সেই প্রতিদ্বন্দ্বিতাকে অনেক আগেই ছাপিয়ে গেছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বে। এবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের আগে সাবেক ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুকে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। এই ম্যাচকে সামনে […]
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে মাঠের বাইরের সম্পর্ক সেই প্রতিদ্বন্দ্বিতাকে অনেক আগেই ছাপিয়ে গেছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্বে। এবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচের আগে সাবেক ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুকে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। এই ম্যাচকে সামনে রেখে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মেসির সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরেছেন নেইমার। একই সঙ্গে ফুটবলে মেসির অবদানের জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
নিজের বার্তায় ৩৪ বছর বয়সী নেইমার লেখেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা এতগুলো বছর ধরে তোমার পায়ের জাদু উপভোগ করেছে… আজ তোমার নিজের দেশ ও দলের জার্সি গায়ে শেষ ম্যাচ, আশা করি এর প্রতিটি সেকেন্ড তুমি প্রাণভরে উপভোগ করবে।’
মেসির প্রতি নিজের ব্যক্তিগত কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেন নেইমার। তিনি জানান, মেসি তাকে ফুটবলকে আরও গভীরভাবে ভালোবাসতে শিখিয়েছেন।
নেইমার লেখেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য যা কিছু করেছ তার জন্য পুরো বিশ্বই তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যেমন সম্মানের ছিল, ঠিক তেমনি তোমার পাশে থেকে একই জার্সিতে ইতিহাস রচনা করাটা ছিল আমার জীবনের অনেক বড় এক প্রাপ্তি। ধন্যবাদ লিও।’
বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় মেসি ও নেইমার আক্রমণভাগে গড়ে তুলেছিলেন অন্যতম আলোচিত জুটি। পরে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনেও একই ড্রেসিংরুম ভাগ করেছেন তারা। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে মুখোমুখি হলেও ব্যক্তিগত সম্পর্কে এর কোনো প্রভাব পড়েনি।
বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। এর আগে জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে মাঠে নেমে ১২৫ গোল করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে নেইমারের এই বার্তা দুই তারকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিই আবার সামনে নিয়ে এসেছে।