চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, চোটের সময় প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবীর সঙ্গে সময় কাটানো এবং দলের অনুশীলনে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে কোচ জোসে মরিনিওর সঙ্গে ব্যক্তিগতভাবে উত্তপ্ত কথোপকথন হয়েছে ফরাসি তারকার। গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ […]
ছবি: সংগৃহীত
চোটের কারণে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, চোটের সময় প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবীর সঙ্গে সময় কাটানো এবং দলের অনুশীলনে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে কোচ জোসে মরিনিওর সঙ্গে ব্যক্তিগতভাবে উত্তপ্ত কথোপকথন হয়েছে ফরাসি তারকার।
গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মধ্যেই প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে তার সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সময়ে সুইস আল্পসে সাইক্লিংয়ের একটি ভিডিওও ছড়িয়ে পড়ে। এসব নিয়ে স্পেনের সংবাদমাধ্যমে সমালোচনা শুরু হয়।
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র দাবি, মঙ্গলবার ভালদেবেবাসে সকালের নাশতার সময় এমবাপ্পের সঙ্গে আলাদাভাবে কথা বলেন মরিনিও। সেখানে কোচ তার অসন্তোষের কথা স্পষ্টভাবে জানান। প্রকাশ্যে এমবাপ্পের পাশে থাকলেও দলের অভ্যন্তরে এ ধরনের আচরণ তিনি সমর্থন করেন না বলেও কোচ জানিয়ে দেন বলে অনুষ্ঠানটির প্রতিবেদনে দাবি করা হয়েছে।
চোটের পর গত সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। তার পুনর্বাসন ও অনুশীলনের অগ্রগতি দেখে ধারণা করা হচ্ছিল, শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।
তবে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে দলীয় অনুশীলনে দেখা যায়নি এমবাপ্পেকে। এ কারণে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তাকে সরাসরি একাদশে না রেখে বেঞ্চে রাখা হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে এমবাপ্পের পাশে দাঁড়িয়েছিলেন মরিনিও। তখন রিয়াল মাদ্রিদের কোচ বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়।
তবে এবার এমবাপ্পের মাঠের বাইরের কর্মকাণ্ড এবং অনুশীলনে অনুপস্থিতির বিষয়টি নিয়ে কোচের অবস্থান কিছুটা কঠোর হয়েছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।