সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে দেশটির ফুটবল অঙ্গনেও। নিরাপত্তা পরিস্থিতি ও ব্যবস্থাপনাগত কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের নবম রাউন্ডের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে। বিবৃতিতে ফুটবলারদের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রাম […]
সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে দেশটির ফুটবল অঙ্গনেও। নিরাপত্তা পরিস্থিতি ও ব্যবস্থাপনাগত কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের নবম রাউন্ডের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে। বিবৃতিতে ফুটবলারদের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রাম নিশ্চিত করা এবং সামগ্রিক ব্যবস্থাপনাগত বিষয়কে সূচি পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের মধ্যকার ম্যাচ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, রোনালদোর আল নাসর ও আল আহলির মধ্যকার ম্যাচটি পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলমান সংঘাতের কারণে সৌদি ফুটবলের সূচি ব্যাহত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়।
রিয়াদের আকাশসীমায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দেওয়ার পর ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হন এবং সংশ্লিষ্ট টার্মিনালের কার্যক্রম ব্যাহত হয়। ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।