সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৩৪ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬

ডিভি লটারি ২০২৭: নিবন্ধন চালুর নির্দেশ মার্কিন আদালতের, নতুন সময়সীমা নির্ধারণ

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিনকার্ড লটারির নিবন্ধন চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। এর ফলে ডিভি-২০২৭ লটারিতে আবেদন করার সুযোগ তৈরির পথ খুলেছে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ফেডারেল জেলা আদালতের বিচারক জিনসুক ওহতা গত ১৪ অক্টোবর […]

ডিভি লটারি ২০২৭: নিবন্ধন চালুর নির্দেশ মার্কিন আদালতের, নতুন সময়সীমা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিনকার্ড লটারির নিবন্ধন চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। এর ফলে ডিভি-২০২৭ লটারিতে আবেদন করার সুযোগ তৈরির পথ খুলেছে।

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ফেডারেল জেলা আদালতের বিচারক জিনসুক ওহতা গত ১৪ অক্টোবর একটি প্রাথমিক নিষেধাজ্ঞার আদেশ দেন। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধনকাল ঘোষণা ও আবেদনপ্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, নিবন্ধনের সময়সূচি ও আবেদনসংক্রান্ত তথ্য ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। নিবন্ধন শুরু করতে হবে ১ নভেম্বরের মধ্যে এবং তা অন্তত ৩০ দিন চালু রাখতে হবে। পরবর্তী সংশোধিত সময়সূচি অনুযায়ী, নির্বাচিত আবেদনকারীদের ৩ ডিসেম্বরের মধ্যে জানানোর নির্দেশও রয়েছে।

আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, বার্ষিক বরাদ্দের ৫৫ হাজার ভিসা ইস্যু করা শেষ না হওয়া পর্যন্ত অথবা ২০২৭ অর্থবছর শেষ হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়াকরণ করতে হবে—যেটি আগে ঘটে।

আদালতের সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ

ডিভি-২০২৭ লটারির নিবন্ধন চালু না করার বিষয়ে রেড ঈগল ল’ এলএলসির করা অভিযোগের পক্ষে যথেষ্ট আইনি ভিত্তি রয়েছে বলে মনে করেন বিচারক ওহতা। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, যথেষ্ট ব্যাখ্যা ছাড়াই নিবন্ধন চালু না করায় কার্যত কর্মসূচিটি স্থবির হয়ে পড়েছিল। তিনি সরকারের এ নিষ্ক্রিয়তাকে ‘খামখেয়ালি ও অযৌক্তিক সরকারি পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।

সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিবন্ধন চালু করলে তা ফেডারেল বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। কারণ, নিয়ম অনুযায়ী নিবন্ধনের সময়সীমা কমপক্ষে ৩০ দিন হতে হয়।

অন্যদিকে, রেড ঈগল ল’ যুক্তি দেয়, নিবন্ধনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কংগ্রেস অনুমোদিত কর্মসূচি পরিচালনা বন্ধ রাখার বৈধ কারণ তৈরি হয় না। বিচারক সরকারের সময়সীমাসংক্রান্ত যুক্তি গ্রহণ করেননি। তাঁর মতে, পরিস্থিতিতে স্বাভাবিক সময়সূচি কঠোরভাবে অনুসরণ করলে ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা লটারি আয়োজন করা সম্ভব হতো না।

বিচারক আরও বলেন, মামলাটি করার আইনি অধিকার রেড ঈগল ল’-এর রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি করা আর্থিক ক্ষতিও অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হতে পারে, কারণ পরবর্তী সময়ে অর্থের মাধ্যমে সেই ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নাও থাকতে পারে।

এর আগেও আদালতে গিয়েছিল মামলাটি

এটি মামলাটির প্রথম আদালত-সংক্রান্ত সিদ্ধান্ত নয়। গত ৩ সেপ্টেম্বর বিচারক ওহতা রেড ঈগল ল’-এর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেছিলেন। তবে ভবিষ্যতে আবার আবেদন করার সুযোগ রাখা হয়েছিল। ওই আবেদনে পররাষ্ট্র দপ্তরকে অবিলম্বে ডিভি-২০২৭-এর নিবন্ধন চালু করতে বাধ্য করার অনুরোধ জানানো হয়।

তখন জরুরি নির্দেশ না দিলেও বিচারক মামলাটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়ার পর ১৪ অক্টোবর প্রাথমিক নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। পরে পক্ষগুলোর যৌথ আবেদনের ভিত্তিতে নিবন্ধন ঘোষণা ও চালুর সময়সীমা সংশোধন করা হয়।

আদালত জানিয়েছে, নির্দেশটি কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা পর্যবেক্ষণের এখতিয়ার আদালতের কাছেই থাকবে।

নিবন্ধনের সময়সূচি ও বাংলাদেশের যোগ্যতা

ডিভি-২০২৭ লটারির নিবন্ধন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে আদালতের নির্দেশ নতুন অগ্রগতি এনেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের তারিখ ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে আবেদনপ্রক্রিয়া চালু করতে হবে। নিবন্ধন অন্তত ৩০ দিন খোলা রাখার নির্দেশ রয়েছে। নির্বাচিত আবেদনকারীদের জানানোর সময়সীমা ৩ ডিসেম্বর।

তবে আদালতের নির্দেশের অর্থ এই নয় যে নিবন্ধন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনকারীদের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে, ডিভি-২০২৬-এর সর্বশেষ প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ওই বছরের লটারিতে অংশ নেওয়ার যোগ্য ছিল না। তবে ডিভি-২০২৭-এর যোগ্য দেশের চূড়ান্ত তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে আগামী বছরের লটারিতে বাংলাদেশ অংশ নিতে পারবে কি না, তা নিশ্চিত হতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঘোষণার অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ