সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:২৪ অপরাহ্ন, ৯ নভেম্বর ২০২৬

টিকিট বিক্রি থেকে আয় ৬৭৪ কোটি টাকা; কিন্তু এই অর্থ দায় হিসাবে দেখাল মেট্রোরেল!

ঢাকার মেট্রোরেলে ২০২৪-২৫ অর্থবছরে সাত কোটির বেশি যাত্রী চলাচল করেছেন। টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৬৭৪ কোটি টাকা। কিন্তু এই অর্থ আয় হিসেবে না দেখিয়ে দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সময়ে ওই অর্থের বিপরীতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) কমিশন বাবদ ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। […]

টিকিট বিক্রি থেকে আয় ৬৭৪ কোটি টাকা; কিন্তু এই অর্থ দায় হিসাবে দেখাল মেট্রোরেল!

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ঢাকার মেট্রোরেলে ২০২৪-২৫ অর্থবছরে সাত কোটির বেশি যাত্রী চলাচল করেছেন। টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৬৭৪ কোটি টাকা। কিন্তু এই অর্থ আয় হিসেবে না দেখিয়ে দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সময়ে ওই অর্থের বিপরীতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) কমিশন বাবদ ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। মেট্রোরেলের কার্যক্রমের ওপর পরিচালিত নিরীক্ষায় এমন বেশ কিছু আর্থিক অসংগতি উঠে এসেছে।

নিরীক্ষা প্রতিবেদনে শুধু টিকিট বিক্রির অর্থের হিসাব নয়, বিদেশি ঋণের দায়, পরিচালন ব্যয়, চলমান প্রকল্পের আর্থিক বিবরণী এবং কোম্পানির পরিশোধিত মূলধন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এমনকি কোম্পানির নামে দেখানো দুটি স্থায়ী আমানতের (এফডিআর) অস্তিত্বেরও প্রমাণ পাননি নিরীক্ষকেরা।

টিকিট বিক্রির আয় দেখানো হয়েছে দায় হিসেবে

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মেট্রোরেল-৬ প্রায় সাত কোটির বেশি যাত্রী পরিবহন করেছে। এ সময়ে টিকিট বিক্রি থেকে আয় হয় ৬৭৪ কোটি টাকা। কিন্তু ডিএমটিসিএলের আর্থিক বিবরণীতে এই অর্থ রাজস্ব আয় হিসেবে দেখানো হয়নি; বরং দায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, টিকিট বিক্রির অর্থ আয় হিসেবে দেখানো না হলেও এর বিপরীতে ডিটিসিএকে কমিশন বাবদ ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। নিরীক্ষায় এ হিসাবের অসংগতির বিষয়টি উঠে এসেছে।

এ ছাড়া ওই অর্থবছরে ডিএমটিসিএলের অধীনে পাঁচটি প্রকল্প চলমান থাকলেও সেগুলোর কোনো আর্থিক বিবরণী নিরীক্ষকদের কাছে পাওয়া যায়নি। ফলে প্রকল্পগুলোর আয়-ব্যয় ও আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ চিত্রও নিরীক্ষায় যাচাই করা সম্ভব হয়নি।

বিদেশি ঋণ ও পরিচালন ব্যয়ের হিসাব কোথায়?

নিরীক্ষায় মেট্রোরেল-৬ প্রকল্পের বিদেশি ঋণের মূল অর্থ ও সুদের দায় যথাযথভাবে আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত না করার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে সরকারের কাছ থেকে নেওয়া ১৫৩ কোটি ৭৫ লাখ টাকার ঋণের তথ্য দেখানো হলেও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও অন্যান্য বিদেশি ঋণের বিপুল অঙ্কের মূল ঋণ এবং সুদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ বিল, লাইসেন্স ফি, ইউটিলিটি চার্জ ও পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যয়ের হিসাবও আর্থিক বিবরণীতে পাওয়া যায়নি বলে নিরীক্ষায় বলা হয়েছে।

৫০০ কোটি টাকার মূলধনে জমা পড়েছে মাত্র ৪০ কোটি

ডিএমটিসিএলের পরিশোধিত মূলধন নিয়েও বড় ধরনের অসংগতি পেয়েছেন নিরীক্ষকেরা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা হলেও শেয়ারহোল্ডাররা জমা দিয়েছেন মাত্র ৪০ কোটি টাকা। ফলে বাকি ৪৬০ কোটি টাকার ঘাটতি রয়েছে।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানির নামে ১১ লাখ টাকার দুটি এফডিআরের তথ্য দেখানো হয়েছে। কিন্তু নিরীক্ষক দল বাস্তবে এসব আমানতের অস্তিত্বের কোনো প্রমাণ পায়নি।

হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ

মেট্রোরেলের আর্থিক হিসাবের এসব অসংগতি নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক। তাঁর মতে, টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ আয়, নাকি দায়—তা আর্থিক প্রতিবেদনে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে স্পষ্ট অসংগতি রয়েছে।

তিনি বলেন, এত বড় একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত। স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সংসদীয় স্থায়ী কমিটির কাছেও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ঢাকার গণপরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রতিদিন গড়ে প্রায় চার লাখ যাত্রী এই সেবা ব্যবহার করেন। তবে বিপুল যাত্রী পরিবহন ও টিকিট বিক্রির আয় থাকা সত্ত্বেও আর্থিক বিবরণীতে একাধিক অসংগতি উঠে আসায় প্রকল্পটির আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ