সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৪৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নিহত ৮, আহত ১৮; ধ্বংসস্তূপ থেকে উদ্ধার গর্ভবতী নারী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাঁদের মধ্যে চারজন অগ্নিনির্বাপক কর্মী (ফায়ারফাইটার) রয়েছেন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে রাতভর অভিযান চালান উদ্ধারকর্মীরা। এ সময় ধ্বংসস্তূপ থেকে এক […]

নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নিহত ৮, আহত ১৮; ধ্বংসস্তূপ থেকে উদ্ধার গর্ভবতী নারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাঁদের মধ্যে চারজন অগ্নিনির্বাপক কর্মী (ফায়ারফাইটার) রয়েছেন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে রাতভর অভিযান চালান উদ্ধারকর্মীরা। এ সময় ধ্বংসস্তূপ থেকে এক গর্ভবতী নারীকে জীবিত উদ্ধার করা হয়।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে দুজন শিশু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

যেভাবে ঘটল দুর্ঘটনা

এপি ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ঠিকানায় অবস্থিত তিনতলা ভবনটি পাশের একটি নির্মাণস্থলের খনন এলাকায় ধসে পড়ে। পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের জমিতে নতুন ভবন নির্মাণের প্রস্তুতিতে খননকাজ চলছিল। বুধবার বিকেলে শ্রমিকেরা সেখানে কাজ করার সময় পুরোনো ভবনটি ভেঙে পড়ে।

ভবনটির নিচতলায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ওপরের দুই তলায় চারটি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল। ধসের আঘাতে পাশের ১৩২৩ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটির বাইরের দেয়ালের একটি বড় অংশও ভেঙে যায়। এতে ভেতরের কয়েকটি কক্ষ বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে। তবে পাশের ভবনটি পুরোপুরি ধসে পড়েনি।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান ফায়ারফাইটার ও জরুরি উদ্ধারকর্মীরা। প্রায় ২৫০ জন অগ্নিনির্বাপক ও জরুরি সেবাকর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের খুঁজতে ব্যবহার করা হয় প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও ভারী যন্ত্রপাতি। উদ্ধারকর্মীরা হাতের সরঞ্জাম দিয়ে ধ্বংসাবশেষ সরানোর পাশাপাশি বিশেষ যন্ত্রের সাহায্যে ধুলা ও ছোট ছোট ধ্বংসাবশেষ পরিষ্কার করেন।

ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার গর্ভবতী নারী

ভবন ধসের পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মানুষকে বের করে আনেন। তাঁদের মধ্যে ছিলেন এক গর্ভবতী নারী। বুধবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযানের সময় আরও কয়েকজন জীবিতকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়। তবে ভবন ধসের মুহূর্তে ঠিক কতজন ভেতরে ছিলেন, তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।

অন্যদিকে, নিহতদের একজন ২৬ বছর বয়সী নির্মাণশ্রমিক হোসে লুইস কাগুয়ানা। তিনি ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং তাঁর স্ত্রী ও ছোট সন্তান রয়েছে। তাঁর স্ত্রীও অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ফলে দুর্ঘটনায় নিহত এই শ্রমিকের পরিবারও গভীর সংকটে পড়েছে।

নির্মাণকাজ নিয়ে তদন্ত, আগে জারি হয়েছিল নিষেধাজ্ঞা

ভবন ধসের কারণ জানতে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংস তদন্ত শুরু করেছে। ভবনটির পাশের খালি জমিতে খননকাজ চলার সময় ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগরীর ভবনবিষয়ক কমিশনার আহমেদ তিগানি। তবে খননকাজই সরাসরি ভবন ধসের কারণ কি না, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সিটি কর্তৃপক্ষের নথিতে দেখা গেছে, পাশের নির্মাণস্থলে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরোনো স্থাপনা ভাঙার অভিযোগে গত মার্চে পরিদর্শকেরা কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এপ্রিলে পরিদর্শনে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে আবার কাজ শুরু হয়েছে। পরে মে মাসে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায় এবং খনন ও ভিত্তি নির্মাণের অনুমতি কার্যকর থাকে।

বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চলার সময় ওই এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার কারণে ধ্বংসস্তূপ সরানো ও উদ্ধারকাজ আরও কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন ফায়ার কমিশনার লিলিয়ান বনসিগনোর। তবে তিনি জানান, উদ্ধার অভিযান বন্ধ করা হয়নি। কর্তৃপক্ষ এখনো এটিকে উদ্ধার অভিযান হিসেবেই পরিচালনা করছে।

এদিকে, মেয়র জোহরান মামদানি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজ চলাকালে স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এবিসি৭ নিউইয়র্ক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ