ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ফোন হাতে তুলে তিনি দাবি করেন, মোদির বিরুদ্ধে তাঁর কাছে থাকা প্রমাণ ওই ফোনেই রয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে সমর্থকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় রাহুল বলেন, ‘প্রমাণ এই ফোনেই […]
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ফোন হাতে তুলে তিনি দাবি করেন, মোদির বিরুদ্ধে তাঁর কাছে থাকা প্রমাণ ওই ফোনেই রয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে সমর্থকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় রাহুল বলেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’ তবে এ অভিযোগের পক্ষে প্রশ্নোত্তর পর্বে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
রাহুল গান্ধী এর আগেও তাঁর ও আরও কয়েকজন রাজনীতিকের ফোনে ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ করেছিলেন। ২০২৩ সালে তিনি বলেছিলেন, তাঁর ফোনেও পেগাসাস ছিল। গোয়েন্দা কর্মকর্তারা ফোনে কথাবার্তা বলার বিষয়ে তাঁকে সতর্ক করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শুক্রবারের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্তে সরাসরি বিতর্ক হলে কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং কে দেশবিরোধী—সেই প্রশ্নের মীমাংসা হবে। এ বিষয়ে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ নিয়ে গত ১২ দিনে সপ্তমবারের মতো প্রকাশ্যে মোদিকে বিতর্কে বসার আহ্বান জানালেন কংগ্রেস নেতা। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি।
তবে বিজেপি নেতারা রাহুলের এই চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে আসছেন। তাঁদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ বিতর্কে অংশ নেওয়ার পরিবর্তে বিরোধীদলীয় নেতা বাইরে বিতর্কের আহ্বান জানাচ্ছেন। এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকা সত্ত্বেও কেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান নির্ধারণ করতে বলছেন।
সূত্র: এনডিটিভি