সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১১:২৩ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

ব্যাংকিং সংকট ও অর্থনৈতিক চাপে বাংলাদেশ আর ‘উন্নয়নের বিস্ময়কর’ সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট

একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে বিশ্বের নজর কেড়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাংকিং খাতের গভীর সংকট, কমতে থাকা বিনিয়োগ, মূল্যস্ফীতি, শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা সেই অগ্রযাত্রাকে এখন প্রশ্নের মুখে ফেলেছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটির দীর্ঘদিনের উন্নয়নের সাফল্যকে ঝুঁকির […]

ব্যাংকিং সংকট ও অর্থনৈতিক চাপে বাংলাদেশ আর ‘উন্নয়নের বিস্ময়কর’ সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৬ মিনিটে পড়ুন |

একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে বিশ্বের নজর কেড়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাংকিং খাতের গভীর সংকট, কমতে থাকা বিনিয়োগ, মূল্যস্ফীতি, শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা সেই অগ্রযাত্রাকে এখন প্রশ্নের মুখে ফেলেছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটির দীর্ঘদিনের উন্নয়নের সাফল্যকে ঝুঁকির মুখে ফেলেছে।

প্রতিবেদনে ঢাকার একটি ক্যাফের মালিকের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ছদ্মনাম ‘একান্ত’ ব্যবহার করে ওই ব্যক্তি জানান, এক বছর ধরে ব্যাংকে জমা রাখা নিজের টাকা তুলতে পারছেন না তিনি। বারবার ব্যাংকের শাখায় গিয়েও স্পষ্ট কোনো উত্তর পাননি; শুধু জানানো হয়েছে, ব্যাংকে তারল্যসংকট চলছে। তাঁর মতো অন্তত ছয়টি ব্যাংকের আমানতকারীরা সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনে নিজেদের জমানো টাকা তুলতে না পারার অভিযোগ করেছেন।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন আর্থিকভাবে বিপর্যস্ত। এর পেছনে শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ বিতরণ এবং দুর্নীতির কারণে বিপুল খেলাপি ঋণ জমে যাওয়াকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক দুরবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। তুলনায় ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত নেমে এসেছে ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে। অর্থাৎ সামগ্রিকভাবে ব্যাংক খাতের মূলধন এখন নেতিবাচক অবস্থায় রয়েছে।

দেশটির অর্থনৈতিক অগ্রগতির ইতিহাসও তুলে ধরেছে সাময়িকীটি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও সীমিত শিল্পভিত্তির কারণে দেশটিকে একসময় ‘বাস্কেট কেস’ হিসেবে বর্ণনা করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। কিন্তু পরবর্তী সময়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও শিক্ষার প্রসারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। দুর্বল শাসনব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশটি উন্নয়নের উদাহরণ হয়ে উঠেছিল।

তবে সেই অগ্রগতির ধারায় বড় ধাক্কা এসেছে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট। গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলেও দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের সামনে একাধিক সংকট দেখা দিয়েছে। ব্যাংকিং খাতের দুরবস্থা, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার ঘোষণার পর রাজধানীতে ৫০টির বেশি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করেছে সরকার। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ। মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদের কেন্দ্র হয়ে উঠতে পারেন বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং খাতের সংকটের সঙ্গে রাজনৈতিক প্রভাবের সম্পর্কও তুলে ধরেছে সাময়িকীটি। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায়, ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে আমরা পেয়েছি, এখন সেটিই মোকাবিলা করতে হচ্ছে।’

প্রতিবেদন অনুযায়ী, খেলাপি ঋণের বড় অংশ জমেছে ইসলামি ধারার ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির ঘনিষ্ঠ ব্যক্তিদের এসব ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিস্থিতি তুলনামূলক ভালো।

ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত এই ব্যাংকটির নিয়ন্ত্রণ পরে এস আলম গ্রুপের হাতে যায়। গ্রুপটির মালিক সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিতরণ করা হয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে সাইফুল আলম মাসুদকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। জামায়াতে ইসলামীও দাবি করেছে, ব্যাংকটির নিয়ন্ত্রণ আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আগে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছিল। দলটি অভিযোগ অস্বীকার করেছে।

খেলাপি ঋণের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে ঋণ শ্রেণীকরণে পরিবর্তনের বিষয়টিও রয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়েছিল। ওই ব্যবস্থায় ঋণের মাত্র ২ শতাংশ পরিশোধ করে বাকি অর্থ পরিশোধ এক বছরের জন্য স্থগিত রাখার সুযোগ ছিল। পরে বাকি ঋণ শোধের জন্য ১০ বছর সময় দেওয়া হতো। এই সুবিধা নেওয়া ঋণগুলোকে খেলাপি হিসেবে গণ্য করা হতো না।

২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, বাংলাদেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মান অনুসরণ করে ঋণ শ্রেণীকরণের নিয়ম পরিবর্তন করে। নতুন নিয়মে ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে গণ্য করা শুরু হয়। ফলে বর্তমানে খেলাপি ঋণের হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংকিং খাতের সংকটের প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগেও। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে প্রবৃদ্ধির হার সাধারণত ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি ছিল। যদিও অন্তর্বর্তী সরকার আগের প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল বলে দাবি করেছিল।

অর্থনৈতিক চাপের পেছনে ব্যাংকিং সংকটের পাশাপাশি জ্বালানি ও শ্রম পরিস্থিতিও ভূমিকা রাখছে। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটেও উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে প্রবণতা ছিল, তা থেকে এটি বড় ধরনের বিচ্যুতি।

সংকটে থাকা ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে। এই অর্থ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ২ শতাংশের সমান। তবে ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাব অনুযায়ী, আগামী কয়েক বছরে ব্যাংকিং খাতে নতুন করে মূলধন জোগাতে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

নতুন সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে সাময়িকীটি। গত জুনে আর্থিক সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর ঋণের সুদের হার নির্ধারণে সীমা আরোপ করা হয়েছে। এতে ঋণের ঝুঁকি অনুযায়ী সুদের হার নির্ধারণের সুযোগ সীমিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অবশ্য বলেছেন, সরকার সংকটকে ভবিষ্যতের জন্য ফেলে রাখছে না। ব্যাংকগুলোর আর্থিক বিবরণী স্বচ্ছ করার চেষ্টা চলছে। কোনো ভালো সম্পদকে সহায়তা দেওয়া প্রয়োজন হলে কিংবা সামান্য সময় বাড়ালে ঋণ পরিশোধ সম্ভব হলে সেই সুযোগ দেওয়া হবে।

বিদেশি আর্থিক সহায়তা ছাড়া সংকটে থাকা ব্যাংকগুলোকে নতুন মূলধন জোগানো সরকারের জন্য কঠিন হতে পারে। কারণ, বাংলাদেশের রাজস্ব আয় অত্যন্ত কম। দেশটি জিডিপির মাত্র ৭ শতাংশের সমপরিমাণ রাজস্ব সংগ্রহ করে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের ক্ষেত্রে এই হার প্রায় ১০ শতাংশ।

অন্যদিকে খাদ্য ও জ্বালানিতে ভর্তুকিসহ সরকারি ব্যয়ের কারণে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। এই ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। মূলত তুলনামূলক শক্তিশালী বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হচ্ছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি তারল্য সহায়তায় বাজারে অর্থের সরবরাহ বাড়ছে, যা মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করছে।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হিসেবে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং খাত গড়ে তোলার চ্যালেঞ্জকে তুলে ধরা হয়েছে। এক অর্থনীতিবিদের আশঙ্কা, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিসংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ীরাও এখন ব্যাংকিং খাত থেকে সুবিধা নেওয়ার সুযোগ খুঁজতে পারেন। এতে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হতে পারে।

বাংলাদেশের সাবেক এক সরকারি কর্মকর্তার মন্তব্য দিয়ে বিশ্লেষণটির শেষ হয়েছে: ‘মৌলিকভাবে বাংলাদেশের কিছুই বদলায়নি।’

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ