সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
২:৫২ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

৯ বছর মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, বলছে পিউর পূর্বাভাস

আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয়ের অনুসারীর সংখ্যাই বাড়ছে। তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি। এর প্রধান কারণ মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের হার বেশি। পিউ […]

৯ বছর মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, বলছে পিউর পূর্বাভাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয়ের অনুসারীর সংখ্যাই বাড়ছে। তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি। এর প্রধান কারণ মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের হার বেশি।

পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনতত্ত্ববিদ কনরাড হ্যাকেট বলেন, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে শিশুজন্ম। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে প্রজনন হারই এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।

পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় প্রজনন হার ছিল ৩ দশমিক ১ সন্তান। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি, আর মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫৭ কোটিতে। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা হবে প্রায় ২৫২ কোটি। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। সে সময় খ্রিষ্টানদের সংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু কম।

মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যার ভৌগোলিক বিন্যাসেও বড় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান বসবাস করবেন সাব-সাহারান আফ্রিকায়। সে সময় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ হতে পারে কঙ্গো।

গবেষণায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২০৬৫ সালের মধ্যে এবং কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন। এসব দেশে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করেন না—এমন মানুষের সংখ্যা বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ধর্মীয় পরিবর্তন নিয়ে উদ্বেগ ও সংলাপের আহ্বান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোর ধর্মতত্ত্বের অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, দেশটিতে চার্চের সদস্যসংখ্যা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের কংগ্রেস নির্বাচনে মধ্যপন্থি ও উদারপন্থি প্রোটেস্ট্যান্ট ডেমোক্র্যাটদের জয়কে তিনি এ সম্ভাবনার একটি কারণ হিসেবে দেখছেন।

হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জুরলো খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যকার সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনো ‘সভ্যতার সংঘাত’ তত্ত্বের প্রভাব রয়েছে। উভয় ধর্মের অনুসারীদের মধ্যেই একে অপরের ধর্ম সম্পর্কে নানা ভুল ধারণা রয়েছে।

জুরলো বলেন, ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে—এমন পূর্বাভাসে অনেক খ্রিষ্টান খুশি নন। এতে দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে আন্তঃধর্মীয় শিক্ষা এবং ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ধর্মীয় ভিন্নতার ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলে পারস্পরিক বোঝাপড়া ও মানবিকতা বাড়তে পারে।

পিউ রিসার্চ সেন্টারের ধর্মবিষয়ক গবেষণা পরিচালক অ্যালান কুপারম্যান বলেন, খ্রিষ্টানদের ক্ষতির বিনিময়ে মুসলিম জনসংখ্যা বাড়ছে—বিষয়টি এমন নয়। তবে গবেষণার ফলাফলকে বিকৃতভাবে উপস্থাপন করে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে প্রতিযোগিতা বা সংঘাতের ধারণা তৈরি করা হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ