যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসন অবস্থার কারণে সরকারি আবাসন-সহায়তা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন প্রায় ২ হাজার ৫০০ পরিবার। পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা নির্দিষ্ট অভিবাসন অবস্থার প্রমাণ যাচাই বাধ্যতামূলক করে নতুন নিয়ম চূড়ান্ত করেছে দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি)। আগামী ১৪ ডিসেম্বর থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে বিশেষ করে মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলো […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসন অবস্থার কারণে সরকারি আবাসন-সহায়তা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন প্রায় ২ হাজার ৫০০ পরিবার। পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা নির্দিষ্ট অভিবাসন অবস্থার প্রমাণ যাচাই বাধ্যতামূলক করে নতুন নিয়ম চূড়ান্ত করেছে দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি)। আগামী ১৪ ডিসেম্বর থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে বিশেষ করে মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলো বেশি চাপে পড়তে পারে।
নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিটি লিমিটস–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মের আওতায় সরকারি আবাসন প্রকল্প, সেকশন এইট ভাউচার এবং অন্যান্য নির্দিষ্ট ফেডারেল ভর্তুকিযুক্ত আবাসন কর্মসূচির সুবিধাভোগীদের পরিবারের প্রত্যেক সদস্যের যোগ্যতা যাচাই করা হবে। আগে মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলোতে যোগ্য সদস্যদের অনুপাতে ভাড়া সহায়তা দেওয়া হতো। নতুন নিয়মে সেই সুবিধা অনির্দিষ্টকাল চালু রাখার সুযোগ সীমিত করা হয়েছে।
কাদের ওপর প্রভাব পড়বে
মিশ্র অভিবাসন অবস্থার পরিবার বলতে এমন পরিবারকে বোঝায়, যেখানে কোনো সদস্য যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা সরকারি আবাসন-সহায়তার জন্য যোগ্য অভিবাসন অবস্থায় রয়েছেন, কিন্তু অন্য সদস্যরা সেই সুবিধার জন্য যোগ্য নন। বর্তমান ব্যবস্থায় পরিবারের যোগ্য সদস্যদের সংখ্যা অনুযায়ী ভাড়া সহায়তা নির্ধারণ করা হয়। ফলে যোগ্য নন—এমন সদস্যদের জন্য সরকারি ভর্তুকি দেওয়া হয় না, তবে তাঁরা পরিবারের সঙ্গে একই বাসায় থাকতে পারেন।
নতুন নিয়মে পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে। গ্রিনকার্ডধারী, শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু মানবিক সুরক্ষার আওতায় থাকা অভিবাসীরা এ সুবিধার জন্য যোগ্য হতে পারেন। তবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করলেই যে কেউ সরকারি আবাসন-সহায়তার যোগ্য হবেন, বিষয়টি এমন নয়। সিটি লিমিটসকে দেওয়া বক্তব্যে লিগ্যাল এইড সোসাইটির আবাসনবিষয়ক আইনজীবী লুসি নিউম্যান বলেন, ইউ ভিসাধারী, ডাকা (DACA) সুবিধাভোগী, টিপিএসধারী এবং অনিয়মিত অভিবাসন অবস্থায় থাকা ব্যক্তিরা এ কর্মসূচির জন্য যোগ্য নন।
নিউইয়র্কসহ দেশজুড়ে কত পরিবার ঝুঁকিতে
সিটি লিমিটস–এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে প্রায় ২ হাজার ৫০০ মিশ্র অভিবাসন অবস্থার পরিবার নতুন নিয়মের প্রভাবে পড়তে পারে। দেশজুড়ে প্রায় ২০ হাজার পরিবার বা ৮০ হাজার মানুষ সরকারি আবাসন-সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে সেন্টার ফর বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ।
নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। নিউইয়র্কের মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলোর সদস্যদের গড়ে প্রায় তিন-চতুর্থাংশ সরকারি আবাসন-সহায়তার জন্য যোগ্য অভিবাসন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন লুসি নিউম্যান। তাঁর আশঙ্কা, নতুন নিয়মের কারণে যোগ্য সদস্যদেরও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকা কিংবা আবাসন-সহায়তা ধরে রাখার মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
মামদানির বিরোধিতা, আইনি পদক্ষেপের প্রস্তুতি
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন নিয়মের বিরোধিতা করেছেন। সিটি লিমিটসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জন্মস্থান বা অভিবাসন অবস্থান যা-ই হোক, সবার নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অধিকার থাকা উচিত। বাসিন্দাদের আবাসন সুবিধা রক্ষায় সম্ভাব্য সব পদক্ষেপ পর্যালোচনা করছে নগর প্রশাসন বলেও জানান তিনি।
নিউইয়র্কসহ ২২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল গত এপ্রিলে এই নিয়ম পরিবর্তনের বিরোধিতা করে এইচইউডিকে চিঠি দিয়েছিলেন। অন্যদিকে, অভিবাসী অধিকার ও আবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলো নিয়মটি বাস্তবায়ন ঠেকাতে বা বিলম্বিত করতে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে।
কখন থেকে প্রমাণ দিতে হবে, কী সুযোগ থাকছে
এইচইউডির চূড়ান্ত নিয়ম অনুযায়ী, ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন বিধান কার্যকর হবে। যেসব মিশ্র অভিবাসন অবস্থার পরিবার এর আগে প্রয়োজনীয় প্রমাণ জমা দেয়নি, তাদের ওই তারিখ থেকে ৯০ দিনের মধ্যে পরিবারের সদস্যদের নাগরিকত্ব বা যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে। প্রয়োজনে আবাসন কর্তৃপক্ষ আরও সর্বোচ্চ ৬০ দিন সময় বাড়াতে পারে। অন্য বিদ্যমান সুবিধাভোগীদের ক্ষেত্রে পরবর্তী বার্ষিক বা অন্তর্বর্তী যোগ্যতা যাচাইয়ের সময় প্রমাণ জমা দিতে হবে।
নিয়ম কার্যকর হওয়ার আগেই বাসা ছেড়ে দেওয়া বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে সতর্ক করেছেন আবাসন আইনজীবীরা। কোনো পরিবারের আবাসন-সহায়তা বন্ধের সিদ্ধান্ত হলেও নির্ধারিত শুনানি ও আপিলের প্রক্রিয়া শেষ হওয়ার আগে তা কার্যকর করা যাবে না। কিছু ক্ষেত্রে সহায়তা বন্ধের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখার সুযোগও রয়েছে।
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সরকারি আবাসন, সেকশন এইট ভাউচার বা ফেডারেল ভর্তুকিযুক্ত বাসাভাড়ার সুবিধা নিচ্ছেন, তাঁদের পরিবারের সদস্যদের অভিবাসন অবস্থার বিষয়টি যাচাই করা প্রয়োজন। কারও যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে বাসা ছাড়ার সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষ বা অভিবাসন ও আবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি), ফেডারেল রেজিস্টার ও সিটি লিমিটস।