ক্রিকেটে বল টেম্পারিং নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজার বক্তব্যে। ২০১৮ সালের কেপটাউন টেস্টের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে তাঁর মন্তব্যের পর এবার নিজের খেলার সময়কার অভিজ্ঞতা তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তাঁর দাবি, তাঁদের সময়েও বলের অবস্থা পরিবর্তন করতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হতো। এর মধ্যে বোতলের ছিপি ব্যবহারের কথাও […]
ছবি: সংগৃহীত
ক্রিকেটে বল টেম্পারিং নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজার বক্তব্যে। ২০১৮ সালের কেপটাউন টেস্টের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে তাঁর মন্তব্যের পর এবার নিজের খেলার সময়কার অভিজ্ঞতা তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তাঁর দাবি, তাঁদের সময়েও বলের অবস্থা পরিবর্তন করতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হতো। এর মধ্যে বোতলের ছিপি ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি।
নিজের আত্মজীবনীতে ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কথা বলেছেন উসমান খাজা। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে অস্ট্রেলিয়া দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন। শুধু কেপটাউনেই নয়, এর আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন তিনি।
২০১৮ সালের মার্চে কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায় অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটকে। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে এ ঘটনায় সরাসরি জড়িত হিসেবে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের নাম উঠে আসে। তাঁদের তিনজনকেই নিষিদ্ধ করা হয়েছিল।
খাজার বক্তব্যের পর পুরোনো বিতর্ক আবার আলোচনায় এসেছে। তবে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা না করে এখানেই ইতি টানার পক্ষে শোয়েব আখতার। ক্রিকেটবিষয়ক সাময়িকী উইজডেন-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইংল্যান্ডে খেলার সময় তাঁরা স্যান্ডপেপারের বদলে বোতলের ছিপি ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতেন। বল পরিবর্তনসহ আরও নানা কৌশলও অবলম্বন করা হতো বলে জানান তিনি।
শোয়েবের ভাষ্য, অতীতের ঘটনা সামনে এসেছে এবং সত্য প্রকাশ পেয়েছে। এতে ক্রিকেটের ক্ষতি হয়েছে; তাঁদের সময়েও এ ধরনের কর্মকাণ্ড খেলাটির ক্ষতি করেছে। তবে আট বছর আগের ঘটনা নিয়ে অতিরিক্ত আলোচনা না করে বিষয়টি এখানেই শেষ করা উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই পেসার।
সাবেক সতীর্থদের নিয়ে আরও কিছু অজানা অভিজ্ঞতার কথাও বলেছেন শোয়েব। তবে কাউকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলে সেসব ঘটনা প্রকাশ করতে রাজি হননি তিনি। তাঁর দাবি, এমন অনেক ঘটনা তিনি জানেন, যেগুলো প্রকাশ করলে সাবেক সতীর্থরা বিপাকে পড়তে পারেন।
নিজের ক্যারিয়ারের একটি সময়ের অভিজ্ঞতা তুলে ধরে শোয়েব বলেন, মাঠে কখনো কখনো প্রতিপক্ষের ১১ জনের পাশাপাশি নিজের দলের খেলোয়াড়দের নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল। তখন কাকে বিশ্বাস করবেন, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ত।
উসমান খাজার বক্তব্যের প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন শোয়েব। তাঁর মতে, বল টেম্পারিংয়ের মতো ঘটনা সাধারণত দলের অজান্তে এক বা দুজন খেলোয়াড়ের পক্ষে ঘটানো কঠিন। এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে দলের অন্য সদস্যদেরও ধারণা থাকার কথা। কারণ, রিভার্স সুইং আদায় করতে না পারলে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শোয়েব জানান, তাঁরাও বল নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতেন এবং দলের অন্য সদস্যরা এসব বিষয়ে জানতেন।
তবে বল টেম্পারিংকে সমর্থন করেন না পাকিস্তানের সাবেক এই তারকা। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ক্রিকেটের জন্য ক্ষতিকর এবং এমন ঘটনা কখনোই কাম্য নয়। খাজা অতীতের ঘটনা সামনে এনে সত্য প্রকাশ করেছেন—এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তবে বিষয়টি প্রকাশের জন্য আরও উপযুক্ত সময় বেছে নেওয়া যেত বলেও মন্তব্য করেছেন শোয়েব।