সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১১:১৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

হাসিনার প্রত্যর্পণ ইস্যু: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়েও নতুন কোনো তথ্য জানাতে পারেনি নয়াদিল্লি। দুই দেশের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা […]

হাসিনার প্রত্যর্পণ ইস্যু: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত, জানালেন জয়সওয়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়েও নতুন কোনো তথ্য জানাতে পারেনি নয়াদিল্লি। দুই দেশের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তবে ভারতের অবস্থান হলো, দেশটির সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখা।

তিনি বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও জনগণের সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে। ভারত বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক অব্যাহত রাখতে আগ্রহী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, দিল্লিতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের ইন্ধনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংস কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন। জবাবে ভারতের মুখপাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

হাসিনার প্রত্যর্পণ নিয়ে অগ্রগতি নেই

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধের কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ মুহূর্তে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। এ বিষয়ে আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিষয়টি প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও নতুন তথ্য নেই

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়ন বা এ বিষয়ে দুই দেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সওয়াল নতুন কোনো তথ্য দেননি।

তিনি বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। এ বিষয়ে আগের সংবাদ ব্রিফিংগুলোতে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছু জানানোর নেই।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় এর নবায়ন নিয়ে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। তবে শুক্রবারের ব্রিফিংয়ে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার অগ্রগতির কথা জানায়নি ভারত।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ