ব্রাজিলের নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন। দেশটিতে প্রায় দেড় বছর থাকার পর ২০২৬ সালের […]
ছবি: সংগৃহীত
ব্রাজিলের নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে যোগ দেন। দেশটিতে প্রায় দেড় বছর থাকার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের কথা জানান সুজা। এরপর প্রথমবার ওমরাহ পালন করেন তিনি। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন ব্রাজিলের এই ডিফেন্ডার।
সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিন সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবলে সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়েও ফুটবল খেলেছেন।
পড়াশোনা শেষ করে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন সুজা। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপের ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা নিয়ে ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের আল নাসরে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে তার জীবনের নতুন অধ্যায়ের কথা জানায়। ভিডিওটির ক্যাপশনে তার জীবনে স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।
শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন সুজা। এবার কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি।