দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট হয়েছে দলটি। এর মধ্য দিয়ে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টের প্রথম ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারণ ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও মার্কো […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট হয়েছে দলটি। এর মধ্য দিয়ে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্টের প্রথম ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারণ ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। এ ছাড়া আনরিখ নরকিয়া দুটি এবং ভিয়ান মুল্ডার ও সাইমন হারমার একটি করে উইকেট শিকার করেন।
চা-বিরতির সময় ৮৫ রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ। বিরতির পর মাত্র ছয় রান যোগ করতেই বাকি চার উইকেটের পতন ঘটে। বিরতি থেকে ফিরে দ্বিতীয় ওভারেই রাবাদার বলে দুই রান করে ফেরেন শরিফুল ইসলাম। এক ওভার পর একই বোলারের শিকার হয়ে এক রান করে এলবিডব্লিউ হন জাকের আলী। তাতে ৯০ রানেই অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
এক ওভার বিরতি দিয়ে রাবাদা নিজের তৃতীয় শিকার হিসেবে তুলে নেন দুই রান করা তাসকিন আহমেদকে। শেষ ব্যাটার খালেদ আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান ইয়ানসেন।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ১৪ ওভারের মধ্যেই ৪৪ রানে তিন উইকেট হারায় দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বল শরীর থেকে দূরে খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন আগের টেস্টে অর্ধশতক করা তানজিদ তামিম। মাত্র তিন রানেই শেষ হয় তাঁর ইনিংস।
অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন শুরুতে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেন। চারটি চারের সাহায্যে ২৩ রানও করেন তিনি। তবে ১৪তম ওভারে নরকিয়ার গতির কাছে হার মানতে হয় তাঁকে। ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির বলটি ভেতরের দিকে ঢুকে ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত করে। বাংলাদেশের ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
ওই ওভারেই আরও বড় ধাক্কা খায় বাংলাদেশ। এক বল পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন নরকিয়া। প্রথম বলেই চার মেরে ইনিংস শুরু করলেও পরের বল সামলাতে পারেননি শান্ত। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির ফুলার লেংথের বলটি পিচে পড়ে সোজা হয়ে এলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন তিনি।
৪৪ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক ও তাওহীদ হৃদয়। তবে তাঁদের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫১ বল খেলে ১৮ রান করা মুমিনুল ভিয়ান মুল্ডারের বলে নিজের স্টাম্পে বল টেনে এনে আউট হন। প্রথম টেস্টেও প্রায় একইভাবে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়ার দায়িত্ব ছিল লিটন দাসের। কিন্তু ১৬ বলে আট রান করে ইয়ানসেনের শিকার হন তিনি। শর্ট অব লেংথের বলটি লিটনের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় গালিতে। সেখানে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন জুবাইর হামজা। ফলে ৭৩ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেন হৃদয়। ২৭তম ওভারে অফ স্পিনার সাইমন হারমারের প্রথম পাঁচ বলে ১২ রান তুলে নেন তিনি। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান এই ব্যাটার।
১৯ রানে থাকা হৃদয় ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বল খেলতে গেলে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় স্লিপে। দ্বিতীয় চেষ্টায় ক্যাচটি তালুবন্দি করেন এইডেন মারক্রাম। ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।