সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
১:৫৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

আল জাজিরার বিশ্লেষণ / ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির ভবিষ্যৎ কী?

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯টি বড় সামরিক স্থাপনায় ৫০ হাজারের বেশি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। তবে ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এসব স্থাপনার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সংঘাত শেষে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাতে এবং ঘাঁটিগুলোর কাঠামোতে পরিবর্তন আনতে পারে ওয়াশিংটন। সৌদি আরব, বাহরাইন […]

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির ভবিষ্যৎ কী?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯টি বড় সামরিক স্থাপনায় ৫০ হাজারের বেশি সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। তবে ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এসব স্থাপনার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সংঘাত শেষে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাতে এবং ঘাঁটিগুলোর কাঠামোতে পরিবর্তন আনতে পারে ওয়াশিংটন।

সৌদি আরব, বাহরাইন ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘদিনের। কিন্তু ইরানের হামলায় এসব স্থাপনার ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাগুলো সামনে এনেছে। ফলে ভবিষ্যতে বড় ও স্থায়ী ঘাঁটির পরিবর্তে ছোট, ছড়িয়ে থাকা এবং তুলনামূলক নিরাপদ সামরিক স্থাপনার দিকে ঝুঁকতে পারে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলন মনে করেন, শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সংকুচিত হবে। তাঁর মতে, ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলো আকারে ছোট, আরও ছড়িয়ে-ছিটিয়ে এবং অধিক সুরক্ষিত হতে পারে। পাশাপাশি সেগুলো ইরান থেকে তুলনামূলক দূরবর্তী এলাকায় সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

আগামী শনিবার (২৮ নভেম্বর) এই যুদ্ধ দশম মাসে পদার্পণ করতে যাচ্ছে। মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা শুধু যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাই নয়, পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

শতকোটি ডলারের ক্ষয়ক্ষতি

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামতের বিপুল ব্যয়। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) হিসাব অনুযায়ী, এসব ঘাঁটির অবকাঠামো পুনর্নির্মাণ ও মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার ব্যয় হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর অন্যতম।

কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকেই বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) নামের ঘাঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি মেরামতে ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে।

এ ছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে।

বড় সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে নতুন ভাবনা

সিএসআইএসের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতি হলে সেনাসংখ্যা কমানো হতে পারে এবং ইরানের হামলায় বিধ্বস্ত সব ঘাঁটি নতুন করে নির্মাণ করা হবে না।

এ ক্ষেত্রে বাহরাইনে পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটির কথা উল্লেখ করেছেন তিনি।

ক্যানসিয়ানের মতে, বিমান হামলা থেকে সুরক্ষার জন্য কিছু সামরিক স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে। অন্য কিছু স্থাপনা উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে।

স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেলি গ্রিকো বলেন, বাহরাইন ও কাতারের মতো দেশে থাকা বড় সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় এখন সেগুলো ঝুঁকির মুখে। তাঁর মতে, স্থায়ী ও বড় ঘাঁটির পরিবর্তে যুদ্ধের সময় ব্যবহারের উপযোগী অস্থায়ী ঘাঁটি এবং বিমানবন্দরের একটি নেটওয়ার্ক গড়ে তোলা বেশি কার্যকর হতে পারে।

এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর ব্যবহারের বিষয়টি এ ধরনের ব্যবস্থার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

আঞ্চলিক দেশগুলোর অবস্থান ও নতুন জোট

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কমানো ওয়াশিংটনের দীর্ঘদিনের লক্ষ্য। ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে। এরপর ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সিরিয়া ও ইরাক থেকেও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে নতুন সংঘাতের কারণে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি পুরোপুরি কমানো সম্ভব হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে আঞ্চলিক মিত্ররাও নতুন প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিচ্ছে। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে।

দেশ তিনটির সম্মিলিত সক্রিয় সেনাসংখ্যা ১৪ লাখের বেশি এবং তাদের মোট প্রতিরক্ষা বাজেট ১২ হাজার ৪০০ কোটি ডলারের ওপরে। ভবিষ্যতে মিসর ও সিরিয়াও এই জোটে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকা বাড়াতে পারে এবং মার্কিন সামরিক উপস্থিতির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বাড়ছে যুদ্ধবিরোধী মনোভাব

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণের ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ জনমতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান, কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিক।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও যুদ্ধের প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসনগুলোতে পরাজিত হয়েছে। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নির্বাচনী বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

বিশেষজ্ঞ কেলি গ্রিকোর মতে, ১৯৯০-৯১ সাল থেকে মধ্যপ্রাচ্যে ধারাবাহিক সামরিক হস্তক্ষেপের অভিজ্ঞতা ও ফলাফল বিবেচনায় সাধারণ মার্কিন নাগরিক এবং উভয় দলের রাজনীতিবিদদের একটি অংশ এখন এ অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছেন।

সব মিলিয়ে ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে হিসাব-নিকাশের পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধের ক্ষয়ক্ষতি, ঘাঁটি পুনর্নির্মাণের ব্যয়, আঞ্চলিক দেশগুলোর নতুন প্রতিরক্ষা উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমত—সবকিছুই ভবিষ্যতে ওয়াশিংটনের সামরিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ