বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থানে নতুন ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার কথা জানালেও এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কোনো নাগরিক নিজের ইচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয়। বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থানে নতুন ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার কথা জানালেও এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কোনো নাগরিক নিজের ইচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয়।
বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধ এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে কোনো নাগরিক যখন নিজের ইচ্ছায় নিজের দেশে ভ্রমণ করতে চান, তখন বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হয়।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের বিষয়।
এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এটি একটি আইনগত বিষয় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এর মোকাবিলা করা হবে। তবে এবারই প্রথম এ বিষয়ে নিজের দেশে স্বেচ্ছায় ফেরার প্রসঙ্গ সামনে আনলেন ভারতের মুখপাত্র।
এদিকে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে ওই দিন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।
তথ্যসূত্র: রয়টার্স