যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে অনলাইনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিউইয়র্কের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জেমস জেরাল্ড একার্ট জুনিয়র (৩৯)। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার এলাকার বাসিন্দা। ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, একার্ট নিজের প্রকৃত পরিচয় ব্যবহার করেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পডকাস্ট ‘Triggered with Donald Trump Jr.’–এর […]
ছবি: কোলাজ - আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে অনলাইনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিউইয়র্কের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জেমস জেরাল্ড একার্ট জুনিয়র (৩৯)। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার এলাকার বাসিন্দা।
ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, একার্ট নিজের প্রকৃত পরিচয় ব্যবহার করেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পডকাস্ট ‘Triggered with Donald Trump Jr.’–এর গ্রুপ চ্যাটে একাধিক হুমকিমূলক বার্তা পাঠান।
তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চ্যাটে তিনি লিখেছিলেন, “আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি। স্ক্রিনে থাকা এই লোকটিকে আমি খুন করব।” গত ১৮ জুন ট্রাম্প জুনিয়রের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিসের এক সদস্য প্রথম এসব বার্তা শনাক্ত করেন।
শুধু গ্রুপ চ্যাটেই নয়, ভিডিও প্ল্যাটফর্ম রম্বল–এ পডকাস্টের লাইভ সম্প্রচারের সময় একার্ট প্রায় আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ট্রাম্প জুনিয়রকে উদ্দেশ করে বলেন, “তুমি শেষ। তোমার দিন ঘনিয়ে এসেছে।”
তদন্তে আরও জানা গেছে, ট্রাম্প জুনিয়র ছাড়াও আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকে লক্ষ্য করে হুমকি দিয়েছিলেন একার্ট। তাদের মধ্যে রয়েছেন রম্বলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস পাভলভস্কি।
এছাড়া গত ৭ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রচেস্টারের ডেমোক্র্যাট মেয়র মালিক ইভান্স এবং তার পরিবারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর কয়েক দিন পর, ১১ জুন নিউইয়র্ক স্টেট সিনেটর সামরা ব্রুকের অফিসিয়াল ফেসবুক পাতায় মন্তব্য করে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে লক্ষ্য করে দেওয়া হুমকির ঘটনায় একার্টের বিরুদ্ধে প্রেসিডেন্টের পরিবারের সদস্যকে হত্যা, অপহরণ বা শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইন অনুযায়ী, এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
গত সোমবার ইউএস ম্যাজিস্ট্রেট বিচারক মার্ক ডব্লিউ পেডারসেনের আদালতে তাকে হাজির করা হয়। আদালত আগামী ২০ জুলাই নির্ধারিত জামিন শুনানি পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন।