সাইবার স্পেসে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, প্রচার ও লেনদেন ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে মাদক-সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটির সুপারিশ এবং […]
ছবি: সংগৃহীত
সাইবার স্পেসে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, প্রচার ও লেনদেন ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে মাদক-সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটির সুপারিশ এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
সংশোধিত আইনে নতুন একটি ধারা যুক্ত করে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল ডিভাইস বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা সাইকোঅ্যাকটিভ পদার্থের ক্রয়, বিক্রয়, সরবরাহ, প্রচার, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা এ-সংক্রান্ত অন্য কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করেন বা করার চেষ্টা করেন, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
আইনে আরও বলা হয়েছে, এসব অপরাধে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ কিংবা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলেও একই বিধান প্রযোজ্য হবে।
নতুন বিধান অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণের জন্য অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়।
এই অপরাধে দোষী ব্যক্তিকে যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনূর্ধ্ব ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বা সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
সংশোধিত আইনে অপরাধে ব্যবহৃত ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ডিজিটাল ডিভাইস, অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি আদালতের নির্দেশে ব্লক, জব্দ, বাজেয়াপ্ত বা রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করার বিধানও যুক্ত করা হয়েছে।
বিলে আরও বলা হয়েছে, মাদক-সংক্রান্ত অপরাধপ্রবণ এলাকায় পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন এবং বিশেষ ডগ স্কোয়াড গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।
বিলের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, এমন অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত রয়েছে।