সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:৫৬ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের বিদায়ক্ষণে উপদেষ্টাদের আগামী পথচলা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তার দায়িত্বকাল কার্যত শেষ হতে যাচ্ছে। দেড় বছর পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষের পথে। নির্বাচনের পর নতুন সরকারের […]

অন্তর্বর্তী সরকারের বিদায়ক্ষণে উপদেষ্টাদের আগামী পথচলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, তার দায়িত্বকাল কার্যত শেষ হতে যাচ্ছে। দেড় বছর পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষের পথে। নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার।

সরকারের শেষ সময় ঘনিয়ে আসায় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও বিদায়ের আবহ বিরাজ করছে। মঙ্গলবার ছিল নির্বাচনের আগের শেষ কর্মদিবস। এদিন অনেক উপদেষ্টা নিজ নিজ দপ্তরে আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠানে অংশ নেন, যদিও তাঁরা এখনো দায়িত্বে রয়েছেন। বুধবার সরকারি ছুটি থাকায় কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আবার কেউ সীমিত পরিসরে অফিসিয়াল কাজে যুক্ত ছিলেন।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। এ ছাড়া উপদেষ্টা মর্যাদায় রয়েছেন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে চারজন। প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার আরও চারজন বিশেষ সহকারী রয়েছেন।

ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবারও ব্যস্ত কর্মসূচিতে সময় কাটিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল, রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পাশাপাশি আরও একটি বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধান উপদেষ্টা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফিরছেন সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বুধবার তিনি বাসায় অবস্থান করলেও আইনি প্রয়োজন অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন। দায়িত্ব শেষে তিনি আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চের দিকে পুনরায় কাজে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সরকারি বাসভবনে না থাকায় বাসা ছাড়ার প্রসঙ্গও নেই।

শিক্ষকতায় ফেরার অপেক্ষায় আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার সকালে সংসদ সচিবালয়ে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি পরিদর্শন করেন। পরে বিচার বিভাগসংক্রান্ত একটি সভায় অংশ নেন এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন।

তিনি জানান, উপদেষ্টার দায়িত্ব শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাবেন। পাশাপাশি লেখালেখি ও গবেষণায় মনোনিবেশ করবেন। তাঁর ভাষায়, “খুব অপেক্ষায় আছি, কখন আবার আমার প্রিয় শিক্ষকতার জীবনে ফিরতে পারব।”

লেখালেখিতে মনোযোগী হবেন তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্ত্রণালয়ে থেকে প্রয়োজনীয় কাগজপত্র গোছান। এরপর বাসায় ফিরে বিকেলেও কিছু দাপ্তরিক কাজ করেন।

দায়িত্ব শেষে তিনি কিছুদিন বিশ্রাম নিয়ে আগের মতোই লেখালেখিতে ফিরে যেতে চান বলে জানান।

গণমাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন আলী ইমাম

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নির্বাচনের আগের দিন বাসায় বন্ধু ও স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন। দায়িত্ব শেষ হলে তিনি আবার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। উপদেষ্টা হওয়ার আগে নিয়মিত কলাম লিখতেন, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।

রমজান ও লেখালেখির পরিকল্পনায় ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বুধবার বাসায় অবস্থান করেন। তবে ভোট উপলক্ষে রাজধানী ছাড়ার সময় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন মহাসড়ক ও রেলপথের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি সরকারি গাড়ি ফেরত দিচ্ছেন এবং নতুন একটি ব্যক্তিগত গাড়ি কেনার খোঁজ নিয়েছেন। দায়িত্ব শেষ হওয়ার পরপরই পবিত্র রমজান মাস শুরু হওয়ায় ইবাদতে মনোযোগী হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।

বেলায় ফিরছেন রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ছুটির কারণে অনেক উপদেষ্টা মঙ্গলবারই আনুষ্ঠানিক বিদায় নিলেও তাঁরা এখনো দায়িত্বে আছেন। বুধবার সকালে বাসায় কাগজপত্র গুছিয়ে রাজধানীর একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

তিনি বলেন, নির্বাচন ঘিরে নানা শঙ্কা ও অপপ্রচার থাকলেও ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদী। দায়িত্ব শেষে তিনি আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর কাজে যুক্ত হবেন।

নিরিবিলি সময় কাটাবেন শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, মঙ্গলবার ছিল তাঁর শেষ অফিস দিবস। তিনি বলেন, সব কাজ শেষ করা সম্ভব না হলেও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে পেরেছেন।

দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলি সময় কাটানোর পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখে রাখবেন। এরপর আবার ব্রতী ও মানবাধিকার কর্মকাণ্ডে যুক্ত হবেন। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ