নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে তাদের ধারাবাহিক বৈঠক শুরু হবে। আইএমএফের এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার। সূচি অনুযায়ী, […]
ছবি: সংগৃহীত
নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে তাদের ধারাবাহিক বৈঠক শুরু হবে।
আইএমএফের এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার।
সূচি অনুযায়ী, রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধিদল। বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকার নতুন ঋণ কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে। বৈদেশিক অর্থায়নের চাপ মোকাবিলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এই অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গত ৯ জুন অর্থমন্ত্রী আইএমএফকে আনুষ্ঠানিকভাবে নতুন ঋণের আবেদনপত্র পাঠান।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের আলোচনায় দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হবে। সদ্য ঘোষিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন করছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের অগ্রগতি, আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কার, কর-ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ব্যাংকিং খাতও থাকবে আলোচনার অন্যতম প্রধান বিষয়। খেলাপি ঋণ, আর্থিক খাতের সংস্কার, ব্যাংকের সুশাসন এবং নীতিগত পরিবর্তন সম্পর্কেও মতবিনিময় করবে উভয় পক্ষ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিষয়েও পৃথক মূল্যায়ন করবে আইএমএফ। সরকারি কর্মচারীর সংখ্যা, সম্ভাব্য নতুন নিয়োগ, বিদ্যমান বেতনকাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার আর্থিক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য চাইতে পারে সংস্থাটি।
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েও পৃথক আলোচনা হবে। এতে বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, জ্বালানি আমদানির ব্যয়, বিদ্যুতের মূল্য সমন্বয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আর্থিক অবস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এর লেনদেন পর্যালোচনা করা হবে।
এছাড়া প্রাকৃতিক গ্যাসে ভর্তুকি, পেট্রোবাংলাকে দেওয়া সরকারি সহায়তা এবং সামগ্রিক জ্বালানি খাতের আর্থিক প্রবাহও মূল্যায়নের আওতায় থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এই সফরের মাধ্যমে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য শর্ত, অগ্রাধিকার এবং সংস্কার পরিকল্পনা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে সরকার সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক আইএমএফ প্রতিনিধিদলের সামনে তুলে ধরবে।
ঢাকা সফর শেষে আইএমএফ প্রতিনিধিদল তাদের মূল্যায়ন প্রতিবেদন ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে জমা দেবে। সেই মূল্যায়ন ইতিবাচক হলে আগামী অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সংস্থাটির আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে।