সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:৩৯ অপরাহ্ন, ১ জুন ২০২৬

আইসিসির সভায় ক্রিকেটের একাধিক নিয়মে বড় পরিবর্তন

টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়া দীর্ঘদিনের একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবার সেই সমস্যার সমাধানে নতুন নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, টেস্ট […]

আইসিসির সভায় ক্রিকেটের একাধিক নিয়মে বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়া দীর্ঘদিনের একটি বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবার সেই সমস্যার সমাধানে নতুন নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচ চলাকালে দিনের আলো কমে গেলে দুই দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করে খেলা চালিয়ে যাওয়া যাবে। এর ফলে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।

আলোকস্বল্পতা মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, উন্নত আলো পরিমাপ প্রযুক্তি, সেন্সর ও অন্যান্য আলোকসজ্জা ব্যবস্থা নিয়ে গবেষণায় যৌথভাবে অর্থায়ন করবে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব।

আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে নির্ধারিত ড্রিংকস বিরতির সময় প্রধান কোচ বা দলের মনোনীত স্টাফ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দিতে পারবেন। এতদিন কেবল দ্বাদশ খেলোয়াড় পানির সঙ্গে বার্তা নিয়ে মাঠে যেতে পারতেন। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর স্ট্র্যাটেজিক টাইম-আউটের আদলে এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত করা হচ্ছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এমসিসির সাম্প্রতিক কিছু নিয়মও স্থায়ীভাবে কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে দিনের শেষ ওভারে উইকেট পড়লেও পুরো ওভার শেষ করে খেলা বন্ধ করা এবং ‘বানি হপ ক্যাচ’ বৈধ হিসেবে গণ্য করা।

ওয়াইড বলের সিদ্ধান্ত আরও নিখুঁত করতে নতুন গাইডলাইনও অনুমোদন দিয়েছে আইসিসি। ব্যাটার ক্রিজে নড়াচড়া বা পজিশন পরিবর্তন করলে আম্পায়াররা যাতে আরও নির্ভুলভাবে ওয়াইড দিতে পারেন, সে লক্ষ্যেই এই নিয়ম স্থায়ী করা হয়েছে।

নারী ক্রিকেট নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে সভায়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। এছাড়া ২০২৮ সালের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনের পরিস্থিতিও আলোচনায় আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। একইভাবে শ্রীলঙ্কার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হবে।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার ও আধিপত্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সমন্বয় কীভাবে আরও কার্যকরভাবে করা যায়, তা মূল্যায়নে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ