সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:৫২ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

আজও আবু সাঈদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ […]

আবু সাঈদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজও তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে এই মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন সাক্ষ্যের শুরুতেই তদন্ত কর্মকর্তা রুহুল আমিন মামলার আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরবেন বলে জানা গেছে। গতকাল রোববার তিনি ট্রাইব্যুনালে ১৬ জন আসামির দায়সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। আজ অবশিষ্ট আসামিদের বিরুদ্ধে তার জবানবন্দি সম্পন্ন করার কথা রয়েছে। মামলায় তিনি ২৫ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।

নিজের জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মামলার তদন্তকালে কোথা থেকে কীভাবে আলামত জব্দ করা হয়েছে, কোন তারিখে কোন তথ্য সংগ্রহ করা হয়েছে—এসব বিস্তারিত তুলে ধরছেন। গত ১৮ ডিসেম্বর তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাকে জেরা করবেন।

এর আগে ১০ ডিসেম্বর বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জবানবন্দি দেন। একই দিনে তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মো. কামরুল হোসেনেরও সাক্ষ্য রেকর্ড করা হয়। এ পর্যন্ত মামলায় মোট ২৫ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

এর আগে ৯ ডিসেম্বর ২২ নম্বর সাক্ষী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জবানবন্দি দেন। তিনি তার সাক্ষ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পুরো প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ তুলে ধরেন।

এ মামলায় এখন পর্যন্ত ছয় জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এ মামলায় বেরোবির সাবেক উপাচার্যসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৩০ জুন ট্রাইব্যুনাল মামলার অভিযোগ আমলে নেয় এবং ২৪ জুন তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয়। মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ