ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। মাঠের লড়াই শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে ইংল্যান্ডের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়েছে। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। নিজেদের দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি […]
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। মাঠের লড়াই শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে ইংল্যান্ডের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়েছে।
বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। নিজেদের দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি জানান, এবার তিনি ইংল্যান্ডকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না পারে, তাহলে ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের মাটিতে এসে ট্রফি জেতা একটি স্মরণীয় ঘটনা হবে। দীর্ঘ ছয় দশকের শিরোপাখরা কাটিয়ে ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হলে সেটি ফুটবল ইতিহাসের একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, বর্তমান টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি এবং শিরোপা জয়ের সামর্থ্য তাদের রয়েছে।
অ্যান্ড্রু জুলিয়ানি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত ইংল্যান্ড দলের পারফরম্যান্সের খোঁজ রাখছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রাম্প ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে একজন ‘দুর্দান্ত ফুটবলার’ এবং ‘চমৎকার মানুষ’ বলে প্রশংসা করেছেন।
জুলিয়ানির মতে, ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধির পেছনে তার ছোট ছেলে ব্যারন ট্রাম্পেরও ভূমিকা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, কয়েক বছর আগে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলার সময়ও ট্রাম্প ফুটবল সম্পর্কে নিজের আগ্রহ ও জ্ঞান তুলে ধরেছিলেন।
ইংল্যান্ড দলের শক্তি বিশ্লেষণ করতে গিয়ে জুলিয়ানি বলেন, হ্যারি কেইন, জুড বেলিংহ্যামসহ বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার এই দলের বড় সম্পদ। তার মতে, কোচ যদি খেলোয়াড়দের মধ্যে শিরোপা জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। দুটি ম্যাচের বিজয়ী দল ফাইনালে শিরোপার লড়াইয়ে অংশ নেবে।