বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক সম্পদ অর্জনের নতুন ইতিহাস গড়েছেন। ফোর্বসের সাম্প্রতিক বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বুধবার বিকেল সোয়া চারটা পর্যন্ত মাস্কের নিট সম্পদ দাঁড়িয়েছে ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলার—অর্থাৎ প্রায় ৫০ হাজার ১০ কোটি ডলার। ইতিহাসে এর আগে কখনো কোনো ব্যক্তির সম্পদ অর্ধ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে না। মাস্কের এই রেকর্ডের পেছনে মূল ভূমিকা রেখেছে টেসলার […]
বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক সম্পদ অর্জনের নতুন ইতিহাস গড়েছেন। ফোর্বসের সাম্প্রতিক বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বুধবার বিকেল সোয়া চারটা পর্যন্ত মাস্কের নিট সম্পদ দাঁড়িয়েছে ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলার—অর্থাৎ প্রায় ৫০ হাজার ১০ কোটি ডলার। ইতিহাসে এর আগে কখনো কোনো ব্যক্তির সম্পদ অর্ধ ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে না।
মাস্কের এই রেকর্ডের পেছনে মূল ভূমিকা রেখেছে টেসলার শেয়ারের ঊর্ধ্বগতি এবং স্পেসএক্সসহ তাঁর অন্যান্য প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য বৃদ্ধি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। বুধবারই টেসলার শেয়ার ৩ দশমিক ৩ শতাংশ বাড়ায় মাস্কের সম্পদে আরও ৬০০ কোটি ডলার যুক্ত হয়।
ফোর্বসের তথ্য অনুযায়ী, টেসলার প্রায় ১২ দশমিক ৪ শতাংশ শেয়ার মাস্কের মালিকানায়। তাঁর এই অংশীদারিত্বই তাঁকে বিশ্বের প্রথম “হাফ-ট্রিলিয়নিয়ার”-এ পরিণত করেছে।
মাস্কের জীবনের সাম্প্রতিক সময়টিও নাটকীয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অল্প সময়ের জন্য দায়িত্ব নেওয়ার পর তিনি আবার পুরোপুরি ফিরে আসেন টেসলা ও স্পেসএক্সের কাজে। টেসলার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম বলেন, “হোয়াইট হাউসে কয়েক মাস কাটানোর পর মাস্ক এখন আবার কোম্পানির সম্মুখসারিতে ও একেবারে কেন্দ্রে।”
শুধু টেসলাই নয়, তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স, নিউরোটেকনোলজি কোম্পানি নিউরালিঙ্ক, এবং টানেল নির্মাণ প্রকল্প দ্য বোরিং কোম্পানি—সব মিলিয়ে মাস্কের সাম্রাজ্য এখন বৈশ্বিক প্রযুক্তি দুনিয়ার প্রতীক।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরেই তিনি প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন। মাত্র ১০ মাসের ব্যবধানে তিনি আরও ১০০ বিলিয়ন ডলার সম্পদ যোগ করে এখন পৌঁছেছেন ইতিহাসের এক অনন্য উচ্চতায়।
এখন প্রশ্ন উঠেছে—“মাস্ক কি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন?” অর্থনীতিবিদদের মতে, টেসলার সম্প্রসারণ এবং স্পেসএক্সের বাজারমূল্য যদি এ গতিতেই বাড়ে, তবে সেই সময় হয়তো খুব দূরে নয়।