সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:২১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬

ইরান বিশ্বকাপে খেলবে, আশ্বাস ফিফা সভাপতির

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে ইরান খেলবে বলেই তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন। মেক্সিকোর একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ইরানের অংশগ্রহণ নিয়েই ফিফা এগোচ্ছে। তার ভাষায়, বিকল্প কোনো পরিকল্পনা নেই; একমাত্র লক্ষ্য হলো নির্ধারিত সূচি অনুযায়ী ইরানকে বিশ্বকাপে […]

ইরান বিশ্বকাপে খেলবে, আশ্বাস ফিফা সভাপতির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসরে ইরান খেলবে বলেই তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন।

মেক্সিকোর একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ইরানের অংশগ্রহণ নিয়েই ফিফা এগোচ্ছে। তার ভাষায়, বিকল্প কোনো পরিকল্পনা নেই; একমাত্র লক্ষ্য হলো নির্ধারিত সূচি অনুযায়ী ইরানকে বিশ্বকাপে খেলানো।

ইরানের ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়া হতে পারে—এমন আলোচনা নাকচ করে তিনি বলেন, দলটি যেন সর্বোত্তম পরিবেশে খেলতে পারে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, এই দল শুধু দেশের ভেতরের মানুষকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানিদেরও প্রতিনিধিত্ব করে।

এর আগেও ফিফা সভাপতি একই অবস্থান ব্যক্ত করে বলেন, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং সেই পথেই এগোতে চায় ফিফা। রাজনৈতিক বিরোধ নিষ্পত্তি করা ফিফার কাজ নয়, তবে ফুটবল দেশগুলোর মধ্যে সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই ইরান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। যদিও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে তিনি জটিল বলে স্বীকার করেছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের জন্য অ্যারিজোনার টুসানকে বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। বর্তমানে তুরস্কে প্রস্তুতি ক্যাম্প ও প্রীতি ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান।

রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত যদি ভেন্যু পরিবর্তন বা অংশগ্রহণে জটিলতা তৈরি হয়, তবে সেটি আধুনিক বিশ্বকাপ ইতিহাসে বিরল এক ঘটনা হয়ে থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ