সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:৩১ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটরদের তীব্র বাগ্‌বিতণ্ডা

ইরান যুদ্ধকে কেন্দ্র করে নিজ দলের রিপাবলিকান সিনেটরদের সঙ্গেই তীব্র মতবিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় এবং উচ্চস্বরে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। কংগ্রেসে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা শান্তি চুক্তি নিয়েও রিপাবলিকান দলের […]

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটরদের তীব্র বাগ্‌বিতণ্ডা
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইরান যুদ্ধকে কেন্দ্র করে নিজ দলের রিপাবলিকান সিনেটরদের সঙ্গেই তীব্র মতবিরোধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় এবং উচ্চস্বরে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। কংগ্রেসে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প।

গত সপ্তাহে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা শান্তি চুক্তি নিয়েও রিপাবলিকান দলের ভেতরে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। বুধবার একটি আবাসন বিল স্বাক্ষর অনুষ্ঠান হঠাৎ বাতিল করার পর ট্রাম্প ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি সিনেটে তার যুদ্ধক্ষমতা সীমিত করার লক্ষ্যে গৃহীত সাম্প্রতিক ভোটাভুটির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই ভোটাভুটিতে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ সীমিত করার একটি প্রতীকী প্রস্তাব পাস হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে একজন প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বৈঠকের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওই ভোটকে “অসময়ের” এবং “অর্থহীন” বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, যেসব রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে এক হয়ে ভোট দিয়েছেন, তারা দল ও দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

ওই চার রিপাবলিকান সিনেটরের একজন লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি পরে সাংবাদিকদের জানান, বৈঠকে তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। তিনি বলেন, “আমি প্রেসিডেন্টকে বলেছি যে আমেরিকান জনগণকে পুরো বাস্তবতা জানানো হয়নি। যে অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তা দীর্ঘ সময় ধরে চলেছে এবং ঘোষিত লক্ষ্যগুলোর অনেকগুলোই এখনো অর্জিত হয়নি।”

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময়ও ট্রাম্প এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “কয়েকজন রিপাবলিকান সিনেটর এবং সব ডেমোক্র্যাট এমন অবস্থান নিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী।”

এদিকে যুদ্ধ পরিচালনা ও সংশ্লিষ্ট ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। প্রশাসনের পক্ষ থেকে মোট ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলার অনুমোদনের অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাবিত অর্থের মধ্যে প্রায় ৬৭ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গোলাবারুদ ক্রয়ের জন্য ২১ বিলিয়ন ডলার, সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ১৭ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং গোপন কর্মসূচির জন্য ১২ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া মার্কিন কৃষকদের সহায়তার জন্য ১১ বিলিয়ন ডলার এবং মধ্য আফ্রিকায় ইবোলা পরিস্থিতি মোকাবিলায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বরাদ্দের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত অর্থ অনুমোদনের প্রস্তাব কংগ্রেসে সহজে পাস নাও হতে পারে। কারণ ইরানকে ঘিরে সামরিক সংঘাতের প্রতি মার্কিন জনমতের বড় একটি অংশ ইতিবাচক নয়। একই সঙ্গে সামনে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনও রাজনৈতিক হিসাব-নিকাশকে আরও জটিল করে তুলেছে।

হোয়াইট হাউসের বাজেট ও ব্যবস্থাপনা দপ্তর ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বরাদ্দের আবেদন পাঠিয়েছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ