ইসরায়েল, পাকিস্তান, মিসর ও জর্ডানকে যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল আল-সায়েদ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে মার্কিন করদাতাদের অর্থ দিয়ে সহায়তা করা উচিত কি না, তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী আল-সায়েদ সিনেটর নির্বাচিত হন। […]
ছবি: সংগৃহীত
ইসরায়েল, পাকিস্তান, মিসর ও জর্ডানকে যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল আল-সায়েদ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে মার্কিন করদাতাদের অর্থ দিয়ে সহায়তা করা উচিত কি না, তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী আল-সায়েদ সিনেটর নির্বাচিত হন। তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-সায়েদ বলেন, কোনো দেশকে দেওয়া মার্কিন অর্থ যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত। তাঁর মতে, শুধু অন্য দেশগুলোর ক্ষেত্রেই নয়, যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মকাণ্ডও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
তিনি বলেন, এই নীতি শুধু ইসরায়েলের জন্য প্রযোজ্য হতে পারে না; মিসর, পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও একই মানদণ্ড অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর সামনে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।
আল-সায়েদের বক্তব্যে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। তিনি ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। নির্বাচনে জয়ের পর এ বিষয়ে তিনি বলেন, প্রেসিডেন্টের অবস্থান সঠিক। পাশাপাশি ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপেরও আহ্বান জানান।
আল-সায়েদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবাদী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের গুরুতর অপরাধে ব্যবহৃত হতে পারে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। বর্তমানে একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। ২০২৮ সাল পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকার কথা।
তবে আল-সায়েদের প্রশ্ন শুধু ইসরায়েলকে ঘিরে নয়। পাকিস্তান, মিসর ও জর্ডানকে দেওয়া মার্কিন সহায়তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ ছাড়া সৌদি আরবকে দেওয়া সামরিক সহায়তার বিষয়েও সমালোচনা করেছেন। বিদেশে সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে মার্কিন করদাতাদের অর্থ দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার পক্ষে মত দিয়েছেন এই সিনেটর।
পাকিস্তানকে মার্কিন আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে তাঁর মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসলামাবাদকে আন্তর্জাতিক ঋণ ও আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছে ভারত। নয়াদিল্লির দীর্ঘদিনের আশঙ্কা, আন্তর্জাতিক ঋণ কর্মসূচির মাধ্যমে পাওয়া অর্থ পাকিস্তান আন্তসীমান্ত সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে।
ভারতের অবস্থান হলো, আন্তর্জাতিক আর্থিক সহায়তা যেন কোনোভাবেই সন্ত্রাসবাদকে পরোক্ষভাবে উৎসাহিত না করে। একই সঙ্গে সংস্কারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কোনো দেশকে আর্থিক সহায়তার মাধ্যমে পুরস্কৃত করাও উচিত নয় বলে মনে করে নয়াদিল্লি।
পাকিস্তানকে বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে ভারত। এ বিষয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) নিয়ম মেনে চলার ক্ষেত্রে পাকিস্তানের রেকর্ড তুলে ধরেছে দেশটি।
এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। তবে ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ পাকিস্তানের ঋণ কর্মসূচির পর্যালোচনা অনুমোদন করে এবং অর্থ ছাড় করে।
আল-সায়েদের বক্তব্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক ও আর্থিক সহায়তা নীতির পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে। তাঁর দাবি, কোনো দেশকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।
সূত্র: এবিসি নিউজ