সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
১:৩৪ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

উচ্চ খরচ ও সীমাবদ্ধতায় গ্রাহক সংকটে স্টারলিংক

উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেটের আধুনিক সেবা নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলেও প্রত্যাশিত সংখ্যক গ্রাহক আকর্ষণ করতে পারছে না স্টারলিংক। প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক মানের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতায় উচ্চ যন্ত্রপাতির দাম, বেশি মাসিক খরচ, জটিল আমদানি ও পেমেন্ট ব্যবস্থা, সীমিত স্থানীয় সাপোর্ট এবং দেশের শক্তিশালী ফাইবার ও মোবাইল নেটওয়ার্কের প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়েছে। ২০২৫ সালের ২৯ এপ্রিল […]

উচ্চ খরচ ও সীমাবদ্ধতায় গ্রাহক সংকটে স্টারলিংক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেটের আধুনিক সেবা নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করলেও প্রত্যাশিত সংখ্যক গ্রাহক আকর্ষণ করতে পারছে না স্টারলিংক। প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক মানের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবতায় উচ্চ যন্ত্রপাতির দাম, বেশি মাসিক খরচ, জটিল আমদানি ও পেমেন্ট ব্যবস্থা, সীমিত স্থানীয় সাপোর্ট এবং দেশের শক্তিশালী ফাইবার ও মোবাইল নেটওয়ার্কের প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়েছে।

২০২৫ সালের ২৯ এপ্রিল বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য ১০ বছর মেয়াদি লাইসেন্স পায় স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ। এর আড়াই মাস পর, ১৮ জুলাই বাণিজ্যিকভাবে সেবা চালু করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ব্যাপক প্রচারণা চালানো হলেও এখন পর্যন্ত মাত্র এক হাজার ৯৩৩ জন গ্রাহক যুক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রযুক্তিবিদদের মতে, বাংলাদেশের বাজার বাস্তবতার তুলনায় স্টারলিংকের সেবা ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে আগ্রহ কম।

খরচই বড় বাধা

বর্তমানে এই সেবা নিতে গ্রাহকদের এককালীন যন্ত্রপাতি ও সেটআপ বাবদ প্রায় ৪৭ হাজার টাকা খরচ করতে হচ্ছে। এর পাশাপাশি আবাসিক গ্রাহকদের জন্য মাসিক ফি ছয় হাজার টাকা এবং লাইট প্যাকেজে চার হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এত বেশি ব্যয়ের কারণে অনেকেই শুরুতেই আগ্রহ হারাচ্ছেন বলে ইন্টারনেট ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা জানিয়েছেন।

ব্যান্ডউইথ ব্যবহারেও পিছিয়ে

বাংলাদেশে সেবা দিতে স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি পিএলসি থেকে ২০০ জিবিপিএস এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের কাছ থেকে ৮০ জিবিপিএস ব্যান্ডউইথ সংগ্রহ করেছে। তবে বাস্তবে গ্রাহকদের ব্যবহার মাত্র ৩০ জিবিপিএসের মতো, যা চাহিদার স্বল্পতার স্পষ্ট ইঙ্গিত দেয়।

বিশ্লেষকদের মূল্যায়ন

তথ্যপ্রযুক্তি বিশ্লেষক তানভীর জোহা মনে করেন, অতিরিক্ত খরচ ও সীমিত ব্যবহারযোগ্যতা এই সেবার বিস্তারের প্রধান বাধা। তিনি বলেন, দেশের বিদ্যমান ফাইবার ও ৪জি নেটওয়ার্কের তুলনায় স্টারলিংকের সুবিধা সাধারণ গ্রাহকের কাছে স্পষ্ট নয়।

অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া দাবি করেন, স্টারলিংকের আগমনে দেশীয় উদ্যোক্তারা মারাত্মক চাপের মুখে পড়েছেন। তার মতে, স্যাটেলাইট ইন্টারনেটে দেশীয় নিয়ন্ত্রণ কম থাকায় তরুণ সমাজ অবাধ ইন্টারনেট ব্যবহারে ঝুঁকির মধ্যে পড়ছে। তিনি আরও বলেন, এনজিএসও লাইসেন্স কাঠামোতে বাণিজ্যিক আইপিএলসি ব্যবহার বা সীমান্তপারের ডেটা সঞ্চালনের অনুমতি নেই, ফলে এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

নিয়ন্ত্রণ ও নজরদারি প্রশ্নে উদ্বেগ

ইন্টারনেট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকার অভিজ্ঞতা এবং দুর্গম অঞ্চলে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে দ্রুত স্টারলিংককে দেশে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়। একই বছরের অক্টোবরে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রতিষ্ঠানটির কাছে ল’ফুল ইন্টারসেপশন কমপ্লায়েন্স সংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়ে চিঠি দেয়।

এর জবাবে স্টারলিংক জানায়, নির্ধারিত শর্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রযুক্তিগত টুল সরবরাহ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, এসব টুল কার্যকরভাবে প্রয়োগে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষের আলোচনা চলমান।

রোমিং গ্রাহক ও ডেটা ব্যবস্থাপনা

সূত্র জানায়, বিদেশি স্টারলিংক গ্রাহকরা বাংলাদেশে অবস্থানকালে তাদের ইন্টারনেট সেবা দেশের ভেতরের অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছে কি না, তা পুরোপুরি নিশ্চিত নয়। এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে স্টারলিংকের কাছে জানতে চেয়েছে বিটিআরসি। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সুস্পষ্ট উত্তর দেয়নি।

ইন্টারনেট ব্যবসায়ীরা মনে করছেন, যথাযথ তদারকি ও নিয়ন্ত্রণ ছাড়া স্যাটেলাইট ইন্টারনেট সেবার বিস্তার প্রযুক্তি খাতে ঝুঁকি তৈরি করতে পারে। যদিও এই প্রযুক্তি দুর্গম এলাকায় সংযোগ সম্প্রসারণে বড় সম্ভাবনা তৈরি করেছে, তবু সেটি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়—সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

দেশীয় সেবার সঙ্গে তুলনা

সংশ্লিষ্টদের মতে, দেশীয় ইন্টারনেট কোম্পানিগুলোর তুলনায় স্টারলিংকের সংযোগ পেতে সময় ও প্রক্রিয়া অনেক বেশি জটিল। স্থানীয় প্রতিষ্ঠানে ফোন করলেই দ্রুত সংযোগ পাওয়া যায় এবং সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান মেলে। বিপরীতে স্টারলিংকের ক্ষেত্রে সাপোর্ট সীমিত ও প্রতিক্রিয়া ধীর হওয়ায় গ্রাহকদের মধ্যে অনাগ্রহ বাড়ছে।

সব মিলিয়ে উচ্চ খরচ, জটিল প্রক্রিয়া এবং সীমিত সাপোর্টের কারণে বাংলাদেশে স্টারলিংকের বাজার সম্প্রসারণ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ