যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি–সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা ও ডিজিটাল সম্পদ থেকে বিপুল পরিমাণ আয় করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরের (Office of Government Ethics) প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত বছরে ট্রাম্পের ক্রিপ্টো খাত থেকে আয় প্রায় ১২০ কোটি ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নিয়মিতভাবে তাদের আয়, সম্পদ এবং আর্থিক স্বার্থের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি–সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা ও ডিজিটাল সম্পদ থেকে বিপুল পরিমাণ আয় করেছেন। যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরের (Office of Government Ethics) প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত বছরে ট্রাম্পের ক্রিপ্টো খাত থেকে আয় প্রায় ১২০ কোটি ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নিয়মিতভাবে তাদের আয়, সম্পদ এবং আর্থিক স্বার্থের তথ্য প্রকাশ করতে হয়। সম্প্রতি প্রকাশিত প্রায় ৯০০ পৃষ্ঠার আর্থিক নথিতে ট্রাম্পের বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য উঠে এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে কয়েকশ কোটি ডলার আয় হয়েছে। প্রতিষ্ঠানটি মূলত ডিজিটাল টোকেন বিক্রি এবং বিভিন্ন ক্রিপ্টো পণ্যের মাধ্যমে উল্লেখযোগ্য রাজস্ব অর্জন করেছে। এছাড়া ট্রাম্পের নাম ব্যবহার করে চালু করা মিম–কয়েন এবং সংশ্লিষ্ট ডিজিটাল সম্পদ থেকেও বড় অঙ্কের অর্থ এসেছে।
আর্থিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে তার ক্রিপ্টো খাতের বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা। বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় তার মোট সম্পদের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একই সঙ্গে ক্রিপ্টো খাতে বিনিয়োগ এবং ওই খাতের নীতিনির্ধারণী সিদ্ধান্তে ভূমিকা রাখার কারণে ট্রাম্পের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছে। সমালোচকদের দাবি, প্রশাসনের কিছু নীতি ও নিয়ন্ত্রণ শিথিল করার পদক্ষেপ ক্রিপ্টো বাজারকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে, যার ফলে ট্রাম্প–সংশ্লিষ্ট ব্যবসাগুলোও লাভবান হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
ক্রিপ্টো ব্যবসার পাশাপাশি ট্রাম্পের আয় এসেছে রিয়েল এস্টেট, ব্র্যান্ড লাইসেন্সিং, বিনিয়োগ এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকেও। বর্তমানে তার অধিকাংশ সম্পদ পারিবারিক ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যার ব্যবস্থাপনায় রয়েছেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।