ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এক ধাপে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার ঘোষিত নতুন দামে এখন ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১,৭২৮ টাকা, যা আগে ছিল ১,৩৪১ টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি […]
ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এক ধাপে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার ঘোষিত নতুন দামে এখন ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১,৭২৮ টাকা, যা আগে ছিল ১,৩৪১ টাকা। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি এবং চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে এই সমন্বয় করা হয়েছে। নতুন হিসাবে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪৪ টাকা।
নতুন দামে অন্যান্য সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজি ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১,৮০১ টাকা, ১৫ কেজি ২,১৬১ টাকা, ১৬ কেজি ২,৩০৫ টাকা, ১৮ কেজি ২,৫৯৩ টাকা এবং ২০ কেজি ২,৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ কেজি ৩,১৬৯ টাকা, ২৫ কেজি ৩,৬০১ টাকা, ৩০ কেজি ৪,৩২১ টাকা, ৩৩ কেজি ৪,৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫,০৪১ টাকা এবং ৪৫ কেজি ৬,৪২৮ টাকা করা হয়েছে।
পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ পরিবার, হোটেল-রেস্তোরাঁ এবং সিএনজি বিকল্প হিসেবে অটোগ্যাস ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।