প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘বিশাল ঘাটতির বাজেট’ ও ‘সাদা হাতির বাজেট’ আখ্যা দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। প্রয়োজনে জনগণকে কষ্ট স্বীকার করতে হলেও প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে হবে। বৃহস্পতিবার […]
ছবি: সংগৃহীত
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘বিশাল ঘাটতির বাজেট’ ও ‘সাদা হাতির বাজেট’ আখ্যা দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জোর দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। প্রয়োজনে জনগণকে কষ্ট স্বীকার করতে হলেও প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বাজেট আলোচনায় অংশ নিয়ে আতিকুর রহমান মুজাহিদ প্রতিরক্ষা খাতের বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকা পরিচালন ব্যয়ে চলে যাবে। ফলে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য অবশিষ্ট অর্থ অত্যন্ত সীমিত।
তিনি প্রশ্ন তুলে বলেন, মাত্র ৭ হাজার কোটি টাকা দিয়ে কীভাবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন সম্ভব? চারদিক থেকেই বাংলাদেশ বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। সীমান্ত এলাকায় প্রতিনিয়ত নানা ধরনের হুমকি সৃষ্টি হচ্ছে। পঞ্চগড়, হিলি, কুড়িগ্রাম, গাইবান্ধা থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকাকে ঘিরে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে মুজাহিদ বলেন, সীমান্তের ওপারে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামেও নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় সেনাবাহিনীকে কাজ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌ-সামরিক সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। বর্তমান সক্ষমতা দেশের সামুদ্রিক নিরাপত্তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। একইভাবে বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আবেগঘন বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস করা যাবে না। তিনি বলেন, “এই আজাদ ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাইকে যদি একবেলা না খেয়েও থাকতে হয়, তবুও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের বাজেট বেশি করে দিন।”
বাজেটে নির্দিষ্ট খাতের উল্লেখ ছাড়া বিপুল অঙ্কের থোক বরাদ্দ রাখারও সমালোচনা করেন তিনি। তার দাবি, সংবিধানের ৮৯ ও ৯০ অনুচ্ছেদের আলোকে বাজেটে ব্যয়ের খাতগুলো আরও স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। তিনি বলেন, প্রায় ৪৭ থেকে ৪৮ হাজার কোটি টাকার একটি বরাদ্দ নির্দিষ্ট খাত ছাড়া রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।
মুজাহিদের মতে, এই অর্থের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হলে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি সরকারের প্রতি জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান।
প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে চলমান আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা নিজ নিজ মতামত তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় আতিকুর রহমান মুজাহিদের বক্তব্য প্রতিরক্ষা ব্যয় ও জাতীয় নিরাপত্তা ইস্যুকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।