জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম-কে এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী ফরহাদ সোহেল। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় সমন্বয় সভায় সাত সদস্যের আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম-কে এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী ফরহাদ সোহেল।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় সমন্বয় সভায় সাত সদস্যের আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন কমিটি ঘোষণার পর জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে রয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী আয়েশা আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইয়াসিন আরাফাতকে।
নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সময় সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন এবং বর্তমানে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেছেন।
কমিটির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। এনসিপিতে যোগ দেওয়ার আগে তিনি ওই আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেন।