বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান আরও বিস্তৃত হচ্ছে। সাইপ্রাস, সিঙ্গাপুর ও বাংলাদেশের পর এবার মালয়েশিয়ায় তার মালিকানাধীন বিলাসবহুল হোটেল ব্যবসাও তদন্তকারীদের নজরে এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদন্তের মধ্যে কুয়ালালামপুরে অবস্থিত ‘রেনেসাঁ কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার’ এবং ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই জমিতে […]
ছবি: সংগৃহীত
বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান আরও বিস্তৃত হচ্ছে। সাইপ্রাস, সিঙ্গাপুর ও বাংলাদেশের পর এবার মালয়েশিয়ায় তার মালিকানাধীন বিলাসবহুল হোটেল ব্যবসাও তদন্তকারীদের নজরে এসেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদন্তের মধ্যে কুয়ালালামপুরে অবস্থিত ‘রেনেসাঁ কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার’ এবং ‘ফোর পয়েন্টস বাই শেরাটন’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই জমিতে অবস্থিত এই দুটি হোটেলের মালিকানা এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভেনচুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি-এর হাতে রয়েছে বলে করপোরেট নথিতে দেখা গেছে।
এর আগে সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর নামে থাকা একটি বিলাসবহুল সম্পত্তি আদালতের আদেশে বাজেয়াপ্ত করা হয়। একই সময়ে সিঙ্গাপুরেও তার বিপুল পরিমাণ সম্পদের উৎস ও অর্থপাচারের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিদেশে গড়ে তোলা সম্পদ সাম্রাজ্যের আর্থিক উৎস খতিয়ে দেখা হচ্ছে।
মালয়েশিয়ার আলোচনায় থাকা দুটি হোটেলে মোট ৯১৯টি কক্ষ রয়েছে। কয়েক বছর আগে এসব সম্পদের সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ১ দশমিক ২৫ বিলিয়ন রিঙ্গিত। বর্তমানে এর বাজারমূল্য ৮৫০ থেকে ৯৫০ মিলিয়ন রিঙ্গিতের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদিও এখন পর্যন্ত মালয়েশিয়ার কর্তৃপক্ষ হোটেল দুটির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি, তবে বিভিন্ন দেশে চলমান তদন্ত এবং পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার উদ্যোগের কারণে মালয়েশিয়ায় থাকা সম্পদও পর্যবেক্ষণের আওতায় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে এই প্রেক্ষাপটেই আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
সফরে দুই দেশের শ্রমবাজার, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার এবং আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।