যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের ১১২তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে, বুধবার দিবাগত রাত ১২টায় তিনি অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে দায়িত্ব গ্রহণ করেন। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন। প্রথাগতভাবে নিউইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও মামদানি তাঁর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানিয়ে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের ১১২তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরে, বুধবার দিবাগত রাত ১২টায় তিনি অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে দায়িত্ব গ্রহণ করেন। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন।
প্রথাগতভাবে নিউইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও মামদানি তাঁর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানিয়ে কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেন। শপথের সময় তিনটি কোরআন ব্যবহৃত হয়—এর মধ্যে একটি ছিল ১৮শ শতকের শেষভাগের একটি দুর্লভ পকেট কোরআন, যা বিশেষভাবে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার থেকে সংগ্রহ করা হয়। বাকি দুটি কোরআন ছিল তাঁর পারিবারিক সংগ্রহের।
স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) রাত ঠিক ১২টায়, ২০২৬ সালকে স্বাগত জানানোর মুহূর্তে সিটি হলের নিচে পরিত্যক্ত ‘ওল্ড সিটি হল’ সাবওয়ে স্টেশনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রতীকীভাবে এই স্থান নির্বাচন করে মামদানি শহরের শ্রমজীবী মানুষের প্রতি তাঁর সংহতি ও সমর্থনের বার্তা দেন।
শপথ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামদানি বলেন, নিউইয়র্কবাসীর সেবা করার সুযোগ পাওয়াকে তিনি তাঁর জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে দেখছেন।
নির্বাচনী প্রচারণার সময় থেকেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে আক্রমণ করে আসছিলেন। জবাবে মামদানি ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করেন। যদিও গত নভেম্বরে হোয়াইট হাউসে তাঁদের মধ্যে একটি আপাত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ভবিষ্যতে দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের ফেডারেল তহবিল কমিয়ে দেওয়া হতে পারে।
উগান্ডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত মামদানি মাত্র সাত বছর বয়সে নিউইয়র্কে পাড়ি জমান। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও বিশিষ্ট অধ্যাপক মাহমুদ মামদানির সন্তান। নতুন প্রশাসনে তিনি সাবেক জো বাইডেন প্রশাসন এবং আগের সিটি হল প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করেছেন।
তবে প্রকাশ্যে ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা তাঁর জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় সিটি হলের সামনে আরও জাঁকজমকপূর্ণ একটি প্রকাশ্য শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁকে শপথ পাঠ করাবেন প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ। ৩৪ বছর বয়সী এই প্রগতিশীল ডেমোক্র্যাট নেতার শপথ উপলক্ষে ব্রডওয়ে এলাকায় ‘ব্লক পার্টি’ আয়োজন করা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।