জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় এলে দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ ভারতীয় আগ্রাসন ও মাদক চোরাচালানের কারণে অনিরাপদ পরিস্থিতির মধ্যে রয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় এলে দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ ভারতীয় আগ্রাসন ও মাদক চোরাচালানের কারণে অনিরাপদ পরিস্থিতির মধ্যে রয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারত সীমান্তপথে মাদক ছড়িয়ে বাংলাদেশের তরুণ সমাজকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ অবস্থায় সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে ভোটার বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ধর্ম বা বর্ণের কারণে নাগরিকদের আলাদা করে চিহ্নিত করা মানবাধিকারবিরোধী কাজ।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, প্রয়োজনে দুই দেশের মধ্যে আলোচনা করে জমির সীমানা নির্ধারণ করা যেতে পারে। তবে বাংলাদেশের সীমান্ত রক্ষায় সরকারের যথেষ্ট উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়েও কথা বলেন। তার অভিযোগ, সংস্কার ও বিচার নিয়ে কথা বললে সরকার অস্বস্তিতে পড়ে। তিনি দাবি করেন, নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিছিল ও হামলার ঘটনা ঘটাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অতীতের মতো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে দায়িত্ব পালন করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার ঘটনা চলতে থাকলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, একটি অভিযানের সময় তার ব্যক্তিগত ক্যামেরা হারিয়ে গেছে এবং সেটি ফেরত দেওয়ার আহ্বান জানান।