গণভোটের ফলাফল বাস্তবায়ন না হলে সরকারও রাজনৈতিকভাবে বৈধতা হারাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।” শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, […]
ছবি: সংগৃহীত
গণভোটের ফলাফল বাস্তবায়ন না হলে সরকারও রাজনৈতিকভাবে বৈধতা হারাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।”
শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শফিকুর রহমান বলেন, “যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। জনতার গণভোট যদি ব্যর্থ হয়, তবে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে জনগণ আপনাদের বাধ্য করবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “গণভোটে আপনারা ‘হ্যাঁ’ বলেছিলেন, এদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। হ্যাঁ বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি ও শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান ক্ষমতাসীনরা বলেছিলো, অধিকাংশ মানুষ যদি গণভোটে রায় দেয় তাহলে প্রত্যেক বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে। ক্ষমতায় এসে তারা গণভোটের হ্যাঁ-কেই ভুলে গেলো।”
বিএনপিকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, “আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেন নাই কেয়ারটেকার সরকার কাকে বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা আমাদেরকে রাজপথের দিকে ঠেলে দিচ্ছেন। রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।”
বরিশালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার গঠনের আগে আপনারা ৩১ দফায় বলেছেন, ক্ষমতায় গেলে সারা দেশের সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত করে সুষম উন্নয়ন সম্ভব নয়। ঢাকা থেকে সড়ক পথে ভাঙ্গা এসে যখন সেখান থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হলাম, তখন দেখি ভাঙ্গার পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়েছে। একটি বিভাগীয় মহাসড়কের দুই লেনের রাস্তা তাও আবার বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো।”
তিনি আরও বলেন, “ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ছয় লেন করতে হবে। অথচ সরকার ও দক্ষিণাঞ্চলের সরকারি দলের এমপিরা এ ব্যাপারে কেউ কথা বলছেন না। কেন তারা জোরে আওয়াজ তোলেন না? ভোলা বাংলাদেশের অংশ, কেন ভোলা সবদিক থেকে বিচ্ছিন্ন থাকবে? কেন ভোলা-বরিশাল সেতু হবে না? সরকারের কাছ থেকে আমরা জানতে চাই।”
বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি বুকে ধারণ করি। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। অথচ তারা যখন মেকানিজম করে ক্ষমতায় গেলেন তখন তারা গণভোটের কথা ভুলে গেছেন। সরকারকে উদ্দেশ্যে করে বলছি, ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন, জনগণ আসল ফ্যাসিবাদকে যখন পাত্তা দেয় নাই, সেখানে আপনারা কিছুই করতে পারবেন না। কারণ আপনারা আসল ফ্যাসিবাদের ধারেকাছেও যেতে পারবেন না।”
সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিনি বলেন, “আমাদের সাফ কথা, গণভোট না থাকলে সরকারকেও মানা হবে না। ২৪-এর আন্দোলনের শ্লোগানের মতো বক্ষে আগুন লাগাবেন না। ৭১-এর মর্যাদাও থাকবে, ২৪-এর বীরদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। গণভোটের গণরায় সরকারকে মানতেই হবে। যারা গণরায় মানে না, তারা গণতন্ত্রের শত্রু।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, “সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন। এ দিয়ে কিভাবে পোষাবেন? কারণ ফ্যামিলি কার্ডে দিবেন আড়াই হাজার টাকা আর দাম বাড়িয়েছেন পাঁচ হাজার টাকা।”
তিনি আরও বলেন, “বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে না নিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করা। গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার করা হলে সংকটের সমাধান হবে। তা না হলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, “আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।”
তিনি আরও বলেন, “ভারতে প্রতিনিয়ত মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার করছে। বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে তারা। আমরা কিন্তু এতে কান দেবো না। আমরা আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের ওপর ক্ষতি করা আমরা কখনো বরদাশত করব না।”
অলি আহমেদ বলেন, “একটা আদর্শ ও লক্ষ্য নিয়ে আমরা ১১ দল একজোট হয়েছি। আমরা চাই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি ও দখলবাজি বন্ধ হোক।”
আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা সরকারের জন্য ক্ষতিকর হবে। তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বরিশাল বিভাগের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে।” শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “বাংলাদেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষকে ভয় দেখানো বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা সম্ভব নয়।”
সমাবেশ শুরুর আগেই বরিশাল নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হন। দুপুরের মধ্যেই হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বৃষ্টিকে উপেক্ষা করেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন এবং ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।