গণভোটে দেওয়া জনগণের রায়কে উপেক্ষা করেই নতুন সংসদের কার্যক্রম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংসদের প্রথম দিনেই গণভোটের মাধ্যমে দেওয়া জনমতকে কার্যত অগ্রাহ্য করা হয়েছে, যা নতুন সংসদের […]
ছবি: সংগৃহীত
গণভোটে দেওয়া জনগণের রায়কে উপেক্ষা করেই নতুন সংসদের কার্যক্রম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংসদের প্রথম দিনেই গণভোটের মাধ্যমে দেওয়া জনমতকে কার্যত অগ্রাহ্য করা হয়েছে, যা নতুন সংসদের যাত্রাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে গৃহীত আদেশ অনুসারে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। বিধান অনুযায়ী, নির্বাচিত সদস্যদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ গ্রহণ করার কথা।
তবে বাস্তবে দেখা গেছে, বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি, যদিও তারা এমপি হিসেবে শপথ নিয়েছেন। এতে করে শুরুতেই অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে সংস্কার প্রক্রিয়া থমকে যাওয়ার পাশাপাশি একটি নতুন রাজনৈতিক অচলাবস্থার সম্ভাবনাও তৈরি হতে পারে।
এ বিষয়ে বিএনপির অবস্থান হলো—বর্তমান সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক কাঠামোর উল্লেখ নেই। সংবিধানের তৃতীয় তফসিলে কেবল সংসদ সদস্যসহ বিভিন্ন সাংবিধানিক পদের শপথ গ্রহণের বিধান রয়েছে। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো নির্দেশনা নেই। ফলে প্রধান নির্বাচন কমিশনারের এমন শপথ পড়ানোর এখতিয়ারও নেই বলে দলটির দাবি।
এই প্রেক্ষাপটে গণভোটের মাধ্যমে ঘোষিত জনরায় বাস্তবায়ন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।