বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠের উত্তেজনা এখনো থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে—এমন প্রচারিত তথ্যও আনুষ্ঠানিকভাবে সংশোধন করেছে সংস্থাটি। মঙ্গলবার ফিফা এক বিবৃতিতে জানায়, স্পেন-আর্জেন্টিনা […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠের উত্তেজনা এখনো থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে—এমন প্রচারিত তথ্যও আনুষ্ঠানিকভাবে সংশোধন করেছে সংস্থাটি।
মঙ্গলবার ফিফা এক বিবৃতিতে জানায়, স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ম্যাচ-পরবর্তী ঘটনাগুলো তদন্ত করে সম্ভাব্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগের বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ-পরবর্তী পরিস্থিতিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কি না, তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ শাস্তির মুখে পড়তে পারেন। একই সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও আর্থিক জরিমানাসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণ নিয়ে ব্যাপক আলোচনা হয়। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। শেষ বাঁশির পর স্পেনের উদযাপনের সময় নাউয়েল মলিনা দৌড়ে গিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বুকে ধাক্কা দেন বলেও ম্যাচ-পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা এবং স্পেনের ফরোয়ার্ড দানি ওলমোর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনাও তদন্তের আওতায় রয়েছে।
অন্যদিকে, স্পেনের মিডফিল্ডার গভির গলা চেপে ধরার অভিযোগে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে—এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে পরে ফিফা ম্যাচের আনুষ্ঠানিক নথি সংশোধন করে জানায়, ম্যাচ-পরবর্তী ঘটনায় পারেদেসের বিরুদ্ধে মাঠে কোনো লাল কার্ড বা অন্য কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ফলে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে—এমন তথ্য আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। তবে ম্যাচ-পরবর্তী ঘটনায় তার ভূমিকা তদন্তের আওতায় রয়েছে কি না, সে বিষয়ে ফিফা আলাদা করে কিছু জানায়নি।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মাঠের লড়াই শেষ হলেও ম্যাচ-পরবর্তী এই ঘটনাগুলো এখন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। তদন্ত শেষ হওয়ার পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না, সেটিই এখন দেখার বিষয়।