ম্যাচ চলাকালে প্রতিপক্ষ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে। মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার রাতে তেনেরিফের এস্তাদিও হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে। স্পেনের দ্বিতীয় বিভাগের লিগের ম্যাচে আন্ডোরার বিপক্ষে ২-২ গোলে ড্র করছিল […]
ছবি: সংগৃহীত
ম্যাচ চলাকালে প্রতিপক্ষ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে।
মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার রাতে তেনেরিফের এস্তাদিও হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে। স্পেনের দ্বিতীয় বিভাগের লিগের ম্যাচে আন্ডোরার বিপক্ষে ২-২ গোলে ড্র করছিল তেনেরিফ। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে ঘটে দুর্ঘটনাটি।
পেনাল্টি এলাকা থেকে বল ক্লিয়ার হয়ে মাঝমাঠের দিকে যাচ্ছিল। ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মিগুয়েল বলের দিকে এগিয়ে গেলে আন্ডোরার গোলরক্ষক হেসুস ওভোনোর সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এ সময় ওভোনোর হাঁটু সজোরে মিগুয়েলের বুকে আঘাত করে।
মাঠে শোক, পরিত্যক্ত ম্যাচ
সংঘর্ষের পরপরই রেফারি গোলরক্ষক ওভোনোকে লাল কার্ড দেখান। খেলোয়াড়েরা দ্রুত চিকিৎসকদের মাঠে ডেকে আনেন। গুরুতর আহত মিগুয়েলকে অ্যাম্বুলেন্সে করে সান্তা ক্রুজের হসপিটাল ইউনিভার্স দে নুয়েস্ত্রা সেনোরা দে ক্যান্ডেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মাঠে খেলোয়াড়দের মধ্যে কান্না ও শোকের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকালে এক আনুষ্ঠানিক শোকবার্তায় তেনেরিফ ক্লাব জানায়, হেসুস দে মিগুয়েল আলামেদার আকস্মিক মৃত্যুর খবর তারা গভীর শোক ও অবিশ্বাসের সঙ্গে জানাচ্ছে। এই শোক প্রকাশের ভাষা নেই উল্লেখ করে ক্লাবটি তাঁর পরিবার, স্বজন এবং তেনেরিফের সমর্থকদের প্রতি সমবেদনা জানায়।
ফুটবল ক্যারিয়ার
মাদ্রিদে জন্ম নেওয়া হেসুস দে মিগুয়েল ২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন। এরপর স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।
২০২৩-২৪ মৌসুমে কাসতেলনকে দ্বিতীয় বিভাগে উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিগুয়েল। ওই মৌসুমে ১৬টি গোল করেছিলেন তিনি। পরে ২০২৪ সালের আগস্টে পেশাদার ফুটবলে অভিষেকের পর ২০২৫ সালে তিন বছরের চুক্তিতে তেনেরিফে যোগ দেন।
মাঠে গোলের লড়াইয়ে ব্যস্ত থাকা এই ফুটবলারের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর সতীর্থ, ক্লাব এবং সমর্থকেরা।