চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় প্রবাসী মো. রফিক হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। প্রায় দুই দশক পর আলোচিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা […]
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় প্রবাসী মো. রফিক হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। প্রায় দুই দশক পর আলোচিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, হোসেন, জামাল, জসিম ও মিল্টন সরদার। আদালত তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন মো. হুমায়ন কবির, পনু ব্যাপারী, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারী, কামাল সিকদার, সাহাব উদ্দিন ও মঈন উদ্দিন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ হাসেম জানান, সাক্ষ্য-প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত সাতজনকে দোষী সাব্যস্ত করেছেন।
রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মো. রফিক ২০০৭ সালের ১৬ জুলাই দেশে ফেরেন। একই বছরের ১৪ আগস্ট রাতে কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাজারে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করা হয়। অভিযোগ ওঠে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমিরবাগ এলাকায় ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন লুলু কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।