সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:৫০ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

জন্মতারিখ সংশোধনের চাপে ভুগছে নির্বাচন কমিশন, বাড়ছে ভোগান্তি ও আবেদন জট

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন সামাল দিতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের কার্যালোগুলো থেকে এই ক্ষমতা প্রত্যাহার করে সব ধরনের আবেদন ঢাকাকেন্দ্রিক করার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিদিন ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ। এতে যেমন সেবাপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে, তেমনি বাড়ছে আবেদন জট ও প্রশাসনিক চাপও। নির্বাচন কমিশনের […]

জন্মতারিখ সংশোধনের চাপে ভুগছে নির্বাচন কমিশন, বাড়ছে ভোগান্তি ও আবেদন জট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন সামাল দিতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ের কার্যালোগুলো থেকে এই ক্ষমতা প্রত্যাহার করে সব ধরনের আবেদন ঢাকাকেন্দ্রিক করার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিদিন ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ। এতে যেমন সেবাপ্রার্থীদের ভোগান্তি বেড়েছে, তেমনি বাড়ছে আবেদন জট ও প্রশাসনিক চাপও।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার জন্মতারিখ সংশোধনের আবেদন জমা পড়ছে। এর মধ্যে অধিকাংশই তথাকথিত ‘ঘ’ ক্যাটাগরির আবেদন, যেগুলোর নিষ্পত্তির দায়িত্ব এখন সরাসরি ইসির কেন্দ্রীয় কার্যালয়ের হাতে রয়েছে। বর্তমানে এ ধরনের ঝুলে থাকা আবেদনের সংখ্যা প্রায় ৮০ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে কমিশন।

আগে জন্মতারিখ সংশোধনের নির্দিষ্ট কিছু আবেদন জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারতেন। তবে মাঠ পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর ধাপে ধাপে সেই ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আবেদনকারীদের এখন সরাসরি ঢাকায় এসে আবেদন-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে।

ইসির কর্মকর্তারা বলছেন, প্রতিদিন শত শত মানুষ জন্মতারিখ সংশোধনের জন্য নির্বাচন ভবনে ভিড় করছেন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রে অসংগতি কিংবা তথ্যের গরমিল থাকায় আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এতে আবেদনকারীদের হতাশা যেমন বাড়ছে, তেমনি কর্মকর্তাদের ওপরও তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জন্মতারিখ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবারও ক্ষমতা দেওয়ার পরিকল্পনা নেই। তার ভাষায়, একজন মানুষের দুটি জন্মতারিখ থাকতে পারে না। তাই এসব আবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে হয়।

তিনি জানান, অনেক ক্ষেত্রে এমন আবেদন পাওয়া যায় যেখানে সংশোধনের পর আবেদনকারীর বয়স বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে যায়। আবার কেউ কেউ এমন সময় জন্মতারিখ পরিবর্তনের আবেদন করেন, যা বিদ্যমান নথিপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইসির কর্মকর্তাদের ভাষ্যমতে, কিছু আবেদন তাদেরকেও বিস্মিত করছে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে, জন্মতারিখ সংশোধনের পর আবেদনকারীর বয়স সন্তানদের চেয়েও কম হয়ে যাচ্ছে কিংবা বয়স এমন পর্যায়ে নেমে আসছে যা বাস্তবতার সঙ্গে খাপ খায় না।

বর্তমানে এই চাপ মোকাবিলায় নির্বাচন কমিশন নতুন একটি অ্যাপয়েন্টমেন্টভিত্তিক সফটওয়্যার চালুর পরিকল্পনা করছে। সফটওয়্যারটি চালু হলে আবেদনকারীরা নির্ধারিত সময় অনুযায়ী শুনানিতে অংশ নিতে পারবেন এবং সরাসরি কার্যালয়ে এসে দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন হবে না।

এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীদের শুনানি গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে কর্মকর্তাদের জন্য একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনাও করছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, এনআইডি সংশোধন কার্যক্রমে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে নীতিমালা পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, জন্মতারিখ সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়ে কঠোর যাচাই-বাছাই প্রয়োজন হলেও পুরো প্রক্রিয়াকে ঢাকাকেন্দ্রিক করে রাখার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই প্রযুক্তিনির্ভর ও বিকেন্দ্রীভূত সেবা ব্যবস্থার ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ