জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান নিজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি পাঠিয়েছেন। জামায়াত আমিরের এই অদ্ভুত সুপারিশ দেশে রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। চিঠি প্রেরণের বিষয়টি জামায়াত স্বীকার করলেও ‘মন্ত্রীর পদমর্যাদাসংক্রান্ত অংশটি’ আমিরের নির্দেশনায় ছিল না বলে জানানো […]
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান নিজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি পাঠিয়েছেন।
জামায়াত আমিরের এই অদ্ভুত সুপারিশ দেশে রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। চিঠি প্রেরণের বিষয়টি জামায়াত স্বীকার করলেও ‘মন্ত্রীর পদমর্যাদাসংক্রান্ত অংশটি’ আমিরের নির্দেশনায় ছিল না বলে জানানো হয়েছে।
চিঠি পাঠানোর বিষয়টি নজরে আসার পরপরই অধ্যাপক মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে দলের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে অধ্যাপক মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত করার অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, এ পদায়নের মাধ্যমে বিরোধীদলীয়দের পররাষ্ট্রনীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় সহায়তা পাওয়া যাবে।
চিঠিতে তাকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে সুপারিশ করা হয় এবং উল্লেখ করা হয়, এই পদায়ন বাংলাদেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নতুন ও অভিনব।
বিরোধীদলীয় নেতা বলেন, অধ্যাপক মাহমুদুল হাসান তার উপদেষ্টা পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মূলধারার রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার দক্ষতা ও পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সক্ষম হয়েছেন।
জামায়াতের ব্যাখ্যা
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে জানান, চিঠি পাঠানো ঘটনা প্রায় দুই সপ্তাহ পূর্বের। ওই সময়ে অধ্যাপক মাহমুদুল হাসান আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের পররাষ্ট্র বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করার জন্য চিঠি প্রেরণ করা হয়েছিল। তবে তিনি আমিরের নির্দেশিত বিষয়াবলির বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠি পাঠান। বিশেষ করে মন্ত্রীর পদমর্যাদাসংক্রান্ত অংশটি আমিরের নির্দেশনায় ছিল না।
তিনি আরও বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমির ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ২ মার্চ অধ্যাপক মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণের প্রতি বিশ্বাসী। কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি থাকলে তা দ্রুত সংশোধনের নীতি রয়েছে। আলোচ্য ঘটনাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়েছে।