জুলাই মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমানো হয়েছে। মঙ্গলবার জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পৃথক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তির মাধ্যমে জুলাই মাসের জন্য নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা […]
ছবি: সংগৃহীত
জুলাই মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমানো হয়েছে।
মঙ্গলবার জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পৃথক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তির মাধ্যমে জুলাই মাসের জন্য নতুন মূল্যহার ঘোষণা করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা অপরিবর্তিত থাকবে। এই মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্যহার ৩০ জুন মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলেও দেশের বাজারে তার প্রভাব এখনো পুরোপুরি পড়েনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধীরে ধীরে যুদ্ধ-পূর্ব অবস্থার দিকে ফিরে এসেছে।
গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪০ ডলারের বেশি বেড়ে যায়। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। ওই পরিস্থিতিতে গত এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ায়। তখন ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়।
পরবর্তীতে জুন মাসে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে সেই মূল্যহারই বহাল রাখা হয়েছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে আমদানি হওয়া বেশিরভাগ চালানের অর্ডার আগেই উচ্চমূল্যে দেওয়া হয়েছিল। ফলে সেই জ্বালানি দেশে পৌঁছানো ও সরবরাহ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মূল্য সমন্বয়ের সুযোগ সীমিত।
তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারের গড় মূল্য বিবেচনায় সাধারণত তিন মাসের তথ্য বিশ্লেষণ করে দেশে পরবর্তী মাসের জ্বালানির দাম নির্ধারণ করা হয়। বর্তমান আন্তর্জাতিক মূল্য পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক মাসের মধ্যে দেশের ভোক্তারাও এর সুফল পেতে পারেন।
ফার্নেস অয়েলের মূল্য কমানোর বিষয়ে বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: জ্বালানি বিভাগ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)