যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিও গ্র্যান্ড ভ্যালি এলাকায় পরিচালিত একদিনের অভিযানে ২৩৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সংস্থাটির দাবি, এটি ওই অঞ্চলে তাদের পরিচালিত সবচেয়ে বড় লক্ষ্যভিত্তিক অভিযানগুলোর একটি। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইসিই জানায়, গত ১৮ জুন হারলিনজেন ফিল্ড অফিস স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিও গ্র্যান্ড ভ্যালি এলাকায় পরিচালিত একদিনের অভিযানে ২৩৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সংস্থাটির দাবি, এটি ওই অঞ্চলে তাদের পরিচালিত সবচেয়ে বড় লক্ষ্যভিত্তিক অভিযানগুলোর একটি।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইসিই জানায়, গত ১৮ জুন হারলিনজেন ফিল্ড অফিস স্থানীয় ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন, মাদক-সংক্রান্ত অপরাধ এবং অন্যান্য ফৌজদারি মামলায় পূর্বে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
এই অভিযান এমন সময় পরিচালিত হলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিষয়ক অভিযান আরও জোরদারের পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ট্রাফিক স্টপ বা যানবাহন থামিয়ে পরিচালিত কিছু অভিবাসন অভিযান সীমিত করার বিষয়টি বিবেচনা করছে। তবে ট্রাম্প এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ট্রাফিক স্টপ আইসিইর সবচেয়ে কার্যকর আইন প্রয়োগকারী কৌশলগুলোর একটি এবং এটি অব্যাহত রাখা প্রয়োজন।
হারলিনজেন ফিল্ড অফিসের পরিচালক হুয়ান আগুদেলো বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা বজায় রাখতে আইসিই ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
আইসিইর তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে মেক্সিকোর নাগরিক ম্যানুয়েল মোরালেস-হেরোনিমো রয়েছেন। সংস্থাটির দাবি, তিনি ‘পাইসাস’ নামে পরিচিত একটি গ্যাংয়ের সদস্য। তার বিরুদ্ধে মারামারি, মাদক ও গাঁজা রাখা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং একাধিকবার অবৈধ পুনঃপ্রবেশের ঘটনায় দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে।
এ ছাড়া আটক আরেক মেক্সিকান নাগরিক হোসে আলফ্রেদো কাস্তিয়ো-মেন্দোজার বিরুদ্ধে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন এবং অবৈধ পুনঃপ্রবেশের মামলায় দণ্ডিত হওয়ার তথ্যও প্রকাশ করেছে আইসিই।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসন দমনে দেশজুড়ে অভিযান জোরদার করেছে। প্রশাসনের ভাষ্য, গুরুতর অপরাধে জড়িত এবং অভিবাসন আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের শনাক্ত ও আটক করাই এসব অভিযানের প্রধান লক্ষ্য।
সূত্র: আনাদোলু এজেন্সি