লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে বক্তব্য […]
ছবি: সংগৃহীত
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে কর্নেল অলি আহমেদ বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমেই বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে হবে। তার দাবি, এ ধরনের ব্যক্তিদের কারণে সরকার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশের স্বার্থও বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের উচিত রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা নেওয়া। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে জনগণ তার কাছে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ প্রত্যাশা করে।
অলি আহমেদ আরও বলেন, চারদিকে শত্রু রেখে কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। প্রকাশ্যে যারা সরকারের সমালোচনা করছেন, তারা নয়; বরং সরকারের ভেতরে অবস্থান করা কিছু মানুষই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছেন বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, প্রধানমন্ত্রী এমন ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত, যাদের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট লোকও থাকতে পারে। তিনি দাবি করেন, সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বিদেশি গুপ্তচর সক্রিয় রয়েছে এবং তারা যেকোনো সময় প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এসব ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে দল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।
বক্তব্যে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা বেড়েছে এবং জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
একই সঙ্গে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতিরও সমালোচনা করেন। তার মতে, বর্তমান সময়ে নতুন বিনিয়োগ প্রত্যাশিত হারে আসছে না এবং সামগ্রিক অর্থনৈতিক পরিবেশও সন্তোষজনক নয়।
অলি আহমেদ বলেন, এসব কারণে প্রধানমন্ত্রী বর্তমানে সহজ কোনো অবস্থানে নেই। তিনি সরকারকে নিরাপত্তা, অর্থনীতি এবং প্রশাসনিক সংস্কারের বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।