দেশব্যাপী দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রভাবে টেলিযোগাযোগ খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে ডেটা সেন্টার পরিচালনা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে, এমনকি অনেক পয়েন্ট অব প্রেজেন্স (পপ) বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম […]
ছবি: সংগৃহীত
দেশব্যাপী দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রভাবে টেলিযোগাযোগ খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে ডেটা সেন্টার পরিচালনা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে, এমনকি অনেক পয়েন্ট অব প্রেজেন্স (পপ) বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। সংগঠনটি জানিয়েছে, মাঠপর্যায়ে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ টেলিকম সাইট বন্ধ বা আংশিক অচল হয়ে পড়েছে। এর ফলে ইন্টারনেট ও মোবাইল সেবা বিঘ্নিত হচ্ছে।
মোবাইল অপারেটর রবি-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম বলেন, প্রায় সব অপারেটরেরই ১০ থেকে ১৫ শতাংশ টাওয়ারে বিদ্যুৎ নেই। অনেক ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে সেবা চালু রাখা হলেও যেখানে তা সম্ভব হচ্ছে না, সেখানে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে কোর নেটওয়ার্কও ঝুঁকির মুখে পড়তে পারে।
দেশের চারটি মোবাইল অপারেটরের মোট ২৭টি ডেটা সেন্টার রয়েছে, যেগুলো সচল রাখতে একাধিক জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। প্রতিটি জেনারেটরের জন্য প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার লিটার পর্যন্ত ডিজেল প্রয়োজন হচ্ছে। এছাড়া টাওয়ারগুলো চালু রাখতে অতিরিক্ত জ্বালানিরও দরকার পড়ছে।
এমটবের তথ্য অনুযায়ী, পুরো নেটওয়ার্ক সচল রাখতে বর্তমানে দৈনিক এক লাখ লিটারের বেশি জ্বালানির প্রয়োজন হচ্ছে। কিন্তু স্থানীয় ফিলিং স্টেশনগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না।
সংগঠনটির মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে সহযোগিতার আশ্বাস থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যদি পেট্রোল পাম্প ও ডিপোগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়, তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
এদিকে টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে আগামী বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো এবং মোবাইল অপারেটরদের নিয়ে একটি বৈঠক আহ্বান করা হয়েছে।