জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ভাগ্যবান যে এই জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি।” বৈঠক শেষে […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ভাগ্যবান যে এই জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি।”
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, বৈঠকের প্রথম এজেন্ডা ছিল সফল ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। প্রধান উপদেষ্টা নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ধন্যবাদ জানান। উপদেষ্টা পরিষদের সদস্যরাও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রেস সচিব জানান, উপদেষ্টারা এবারের নির্বাচনকে ‘মহা সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন-পরবর্তী সহিংসতা অতীতের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত অর্থে নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় নিহত হয়েছেন একজন।
তিনি বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করছেন। একই সঙ্গে এই নির্বাচনেই প্রথমবারের মতো সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের ঘটনায় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।
প্রেস সচিব আরও বলেন, এবারের নির্বাচনে প্রথমবারের মতো ব্যাপকভাবে বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং ‘সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তর থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ১৭টি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে বডি-ওর্ন ক্যামেরা নির্বাচন ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীন ও দৃঢ় ভূমিকার প্রশংসা করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও আইআরআই এবারের নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে বলে জানানো হয়। নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতিকেও ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়।
প্রেস সচিব জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সব পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজায় এ ধরনের অনুষ্ঠান এই প্রথম আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএনপির তিন সদস্যের একটি কমিটির সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে বলে তারা মনে করেন। তিনি বলেন, সংস্কার, স্থিতিশীলতা ও সুশাসনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরানোই ছিল সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে তারা ৯০ শতাংশ সফল হয়েছেন।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর এবং পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থিতিশীল। ৫ আগস্ট দেশের অবস্থা ছিল প্রায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো। সহজেই দেশ বিশৃঙ্খলার দিকে নেমে যেতে পারত, কিন্তু সরকার সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
অর্থনীতির সূচকগুলোর উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ থেকে ১৭ বিলিয়ন ডলারে নেমে গেলেও বর্তমানে তা বেড়ে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, আর মোট হিসাবে রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার। ডলারের বিপরীতে টাকার দর একসময় ১২৭ টাকায় পৌঁছালেও বর্তমানে তা ১২৩ থেকে ১২৪ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিতর্কিত বিশেষ আইন বাতিল করে প্রয়োজনীয় সংস্কার নেওয়া হয়েছে, যার ফলে স্বজনতোষী পুঁজিবাদ ও অর্থ অপচয়ের প্রবণতা কমেছে। রাজস্ব আহরণে প্রত্যাশার চেয়েও ভালো প্রবৃদ্ধি হয়েছে। দেশে বর্তমানে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে এবং বিদ্যমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।
বাণিজ্য ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে, যা তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের জন্য বড় বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করবে। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, গত ১৮ মাসে গুম বা বিচারবহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, যা সরকারের অন্যতম বড় অর্জন।