কোনো দূতাবাসে হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ড হলে দেশে বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব […]
কোনো দূতাবাসে হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ড হলে দেশে বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না—যদি কোনো দূতাবাস আক্রান্ত হয় বা কোনো ধরনের সাবোটেজ কর্মকাণ্ড ঘটে, তাহলে বহির্শক্তি হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না।”
তিনি সবাইকে শান্তিপূর্ণ ও অহিংসভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং সেটিকে সমর্থন দেওয়া হচ্ছে। তবে এর প্রতিবাদ করতে গিয়ে কোনো দূতাবাসে হামলা বা ভাঙচুর সমাধান হতে পারে না।
নাসীরুদ্দীন আরও বলেন, “যারা উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে চায়, সাংবাদিকদের ওপর হামলা বা দূতাবাসে আক্রমণের চেষ্টা করে—দেশের জনগণকে অনুরোধ করব, অহিংস ও গণতান্ত্রিকভাবে রাজপথে নেমে তাদের প্রতিহত করুন।”
তিনি বলেন, আবেগ থাকা স্বাভাবিক, কিন্তু একই সঙ্গে যুক্তি ও বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। অতীতে ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রবেশকারীরা বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে এনসিপির পক্ষ থেকে এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা গণতান্ত্রিক ও অহিংস রাজনীতির পক্ষে। সহিংস রাজনীতির বিপক্ষে। এই আদর্শ আমাদের শিখিয়ে গেছেন শহীদ শরীফ ওসমান হাদি। তিনি গড়ার রাজনীতিতে বিশ্বাস করতেন। ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন, নতুন সাংস্কৃতিক পরিসর তৈরির উদ্যোগ নিয়েছেন, কিন্তু কখনো ভাঙচুরের পথে যাননি।”
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জুলাই যোদ্ধা খান তালাত মাহমুদ রাফিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে এনসিপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘পিন্ডি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ এবং ‘হাদি–সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন স্লোগান দেওয়া হয়।