দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে বাড়ানো হয়েছে বিদ্যুৎ সঞ্চালন চার্জও। বুধবার ঘোষিত নতুন মূল্যহারে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীদের জন্য ১৫ থেকে প্রায় […]
ছবি: সংগৃহীত
দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে বাড়ানো হয়েছে বিদ্যুৎ সঞ্চালন চার্জও।
বুধবার ঘোষিত নতুন মূল্যহারে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিভিন্ন শ্রেণির ব্যবহারকারীদের জন্য ১৫ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সঞ্চালন মাশুলও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাত—সবখানেই বিদ্যুতের ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শিল্পোদ্যোক্তারা বলছেন, উৎপাদন খরচ আরও বেড়ে গেলে বাজারে পণ্যমূল্যের ওপর নতুন চাপ তৈরি হতে পারে।
গত মে মাসের শুরুতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে জড়িত বিভিন্ন সংস্থা বিইআরসির কাছে মূল্য বৃদ্ধির আবেদন করে। পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, ভোক্তা অধিকারকর্মী ও শিল্পখাতের প্রতিনিধিরা বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধিতা করেন।
তাদের অভিযোগ ছিল, বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের দুর্নীতি, ভুল পরিকল্পনা, অব্যবস্থাপনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। তারা সরকারের কাছে বিদ্যুৎ খাতের কাঠামোগত সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।
এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির কয়েক দিনের মধ্যেই জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে ১১৫ টাকা রাখা হয়েছে।
ফলে বিদ্যুৎ ও জ্বালানি—দুই খাতেই একসঙ্গে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিশেষ করে পরিবহন, কৃষি ও শিল্পখাতে এর প্রভাব দ্রুত পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।