নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত দীর্ঘদিন অবহেলিত দুটি আবাসিক ভবনকে ঘিরে বড় ধরনের আইনি অগ্রগতি হয়েছে। ভাড়াটিয়াদের স্বার্থে ভবন মালিকদের বিরুদ্ধে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা নিশ্চিত করেছে সিটি প্রশাসন।আইউইটনেস নিউজের তথ্য অনুযায়ী, বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র জোরান মামদানি ও হাউজিং কর্তৃপক্ষ এ সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।মামদানি জানান, ব্রঙ্কসের রবার্ট ফুলটন টেরেস ও ফোর্ডহ্যাম […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত দীর্ঘদিন অবহেলিত দুটি আবাসিক ভবনকে ঘিরে বড় ধরনের আইনি অগ্রগতি হয়েছে। ভাড়াটিয়াদের স্বার্থে ভবন মালিকদের বিরুদ্ধে ৩১ মিলিয়ন ডলারের সমঝোতা নিশ্চিত করেছে সিটি প্রশাসন।
আইউইটনেস নিউজের তথ্য অনুযায়ী, বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র জোরান মামদানি ও হাউজিং কর্তৃপক্ষ এ সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
মামদানি জানান, ব্রঙ্কসের রবার্ট ফুলটন টেরেস ও ফোর্ডহ্যাম টাওয়ারস নামের দুটি আবাসিক ভবনের মালিকদের বিরুদ্ধে এই সমঝোতা হয়েছে। দীর্ঘ সময় ধরে এসব ভবনের বাসিন্দারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন।
মেয়র প্রশাসনের তথ্য বলছে, ভাড়াটিয়ারা বছরের পর বছর গরম পানির অভাবসহ বিভিন্ন মৌলিক সেবা না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছিলেন। তবে এসব সমস্যার কার্যকর সমাধান না হলেও তাদের নিয়মিত ভাড়া পরিশোধ করতে বাধ্য করা হতো।
সমঝোতার ঘোষণা আসার পর ভুক্তভোগী ভাড়াটিয়ারা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, দীর্ঘদিনের দুর্ভোগের পর এই পদক্ষেপ তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে। তবে একই সঙ্গে তারা জানতে চেয়েছেন, এতদিন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকার জন্য কোনো ক্ষতিপূরণ তারা পাবেন কি না।
আদালতের নির্দেশনা অনুযায়ী, সমঝোতার মোট অর্থের একটি অংশ—প্রায় ৯ লাখ ডলার—প্রাথমিকভাবে ভবন দুটির জরুরি মেরামত ও সংস্কার কাজে ব্যয় করা হবে। দ্রুত এই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সংস্কার কার্যক্রম তদারকি এবং পুরো প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার জন্য একজন প্রধান রিস্ট্রাকচারিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, সমঝোতার অর্থ আদায়ের প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই ভবন মালিকদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।